মোদীর বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুলের
ভারতের বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মোবাইল ফোনে আড়ি পেতেছেন।
এনডিটিভি বলছে, শুক্রবার অনলাইনে একটি অনুষ্ঠানে সমর্থকদের সঙ্গে কথা বলার সময় রাহুল গান্ধী তার মোবাইল ফোন উঁচিয়ে ধরেন।
রাহুল বলেন, “আমার এই ফোনে সব ধরনের প্রমাণ আছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, তিনি আড়ি পেতেছেন।”
এ সময় বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ জানান রাহুল।
ফোন হাতে তুলে ধরে তিনি বলেন, “প্রমাণ এই ফোনের মধ্যেই রয়েছে। আর প্রধানমন্ত্রী তা জানেন, কারণ আমার ফোনে আড়ি পাতেন তিনি।”
তবে ফোনে আড়িপাতার অভিযোগের পক্ষে যাচাইযোগ্য কোনো প্রযুক্তিগত প্রমাণ উপস্থাপন করেননি ভারতের বিরোধীদলীয় নেতা।
এনডিটিভি লিখেছে, ইনস্টাগ্রামে ‘আস্ক মি’ নামের ওই ইন্টারঅ্যাকটিভ সেশনে সমর্থকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন রাহুল।
এর আগেও একাধিকবার ফোনে আড়িপাতার অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী। তার দাবি, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে তার এবং আরও অনেক রাজনীতিবিদের ফোনে নজরদারি চালানো হয়।
২০২৩ সালে রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, “আমার নিজের ফোনেও পেগাসাস ছিল। অনেক রাজনীতিকের ফোনেই পেগাসাস রয়েছে।
“গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা আমাকে ফোন করে বলেছেন, ফোনে কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। কারণ, আমরা আপনাদের কথাবার্তা রেকর্ড করছি।”
তবে নরেন্দ্র মোদীর সরকার ওই অভিযোগ অস্বীকার করেছিল।
শুক্রবার রাহুল আবারও বলেন, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্ক হলেই চূড়ান্তভাবে প্রমাণ হয়ে যাবে, কে ‘বিদেশি শক্তির নিয়ন্ত্রণে এবং দেশবিরোধী’। এ ক্ষেত্রে তার কাছে ‘যথেষ্ঠ প্রমাণ’ রয়েছে।
গত ১২ দিনের মধ্যে এ নিয়ে সপ্তমবারের মত প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন কংগ্রেস নেতা।
রাহুল গান্ধী নির্বাচনি প্রক্রিয়া, বিদেশি হস্তক্ষেপ এবং জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বারবার উন্মুক্ত আলোচনার দাবি জানিয়ে আসছেন।
তবে বিজেপি নেতারাও বরাবরই রাহুলের এই বিতর্কের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে যাচ্ছেন।
তাদের অভিযোগ, লোকসভায় গুরুত্বপূর্ণ বিষয়ে অর্থবহ আলোচনায় অংশ নেওয়া এড়িয়ে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এর আগে প্রশ্ন তুলেছিলেন, পার্লামেন্টে আলোচনার সুযোগ থাকা সত্ত্বেও রাহুল কেন বারবার প্রধানমন্ত্রীকে বিতর্কের জন্য আলাদা কোনো ভেন্যুতে যেতে বলছেন?