বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মজুরি বৃদ্ধির আন্দোলন: সাভারে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

মোহাম্মদ খাইরুল আমিন • 04 নভেম্বর 2026, 07:02 সকাল • 8 বার পঠিত
মজুরি বৃদ্ধির আন্দোলন: সাভারে মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার সকালে হেমায়েতপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ-শ্রমিকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া চলছিল। হেমায়েতপুর ও এর আশপাশের এলাকায় চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল থেকেই হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়ে হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের সঙ্গে অনেককে হেলমেট পড়া ও লাঠি হাতে দেখা গেছে।

এতে শ্রমিকরা আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। বিক্ষোভকারীদের ছোড়া ইটের আঘাতে পুলিশসহ অনেকে আহতও হয়েছেন।

দফায় দফায় চলা ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্ট্যান্ড অবরোধ করে রাখে।

অন্যদিকে, আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও ভেতরে ভেতর শ্রমিক অসন্তোষ টের পাওয়া যাচ্ছে।

আশুলিয়ার হা-মীম ও শারমীন গ্রুপের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরেই অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার বেশ কয়েকটি কারখানায় বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তবে আশুলিয়া এলাকার প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

আশুলিয়ার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকন বলেন, বুধবার সকালে আশুলিয়ায় কোথাও বিশৃঙ্খলা দেখা যায়নি।এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ায় দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। তারা সড়কে টহল দিচ্ছে।