রবিবার, ০১ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

মোহাম্মদ খাইরুল আমিন • 01 নভেম্বর 2026, 11:07 দুপুর • 5 বার পঠিত
মেহেরপুর সীমান্তে ৭ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

মেহেরপুর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ৩২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১ নভেম্বর) দুপুরে মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় এ অভিযান চালায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১০ থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আগে থেকেই অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়ার সময় দুই ব্যক্তিকে সন্দেহ হলে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।

এ সময় তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।পরে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

আটকরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল (৫০) এবং একই গ্রামের জুয়েল হোসেন (৩০)।

আটক দুজনকে মুজিবনগর থানায় এবং উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তে স্বর্ণ চোরাচালান, মাদক পাচারসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।