বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে

মোহাম্মদ খাইরুল আমিন • 05 নভেম্বর 2026, 10:49 দুপুর • 4 বার পঠিত
কর্মচাঞ্চল্য ফিরেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা, অযৌক্তিক ব্ল্যাকলিস্টিং বন্ধ, বেআইনি ছাঁটাই বন্ধসহ গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে টানা কয়েকদিনের বিক্ষোভ শেষে কাজে ফিরেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা।

এতে বৃহস্পতিবার সকাল থেকেই কারখানা প্রাঙ্গণগুলোতে ফিরে এসেছে চেনা কর্মচাঞ্চল্য।

বৃহস্পতিবার ভোর থেকেই সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নির্দিষ্ট সময়ে শান্ত ও স্বাভাবিক পরিবেশে সারিবদ্ধভাবে কারখানাগুলোতে প্রবেশ করছেন হাজার হাজার পোশাক শ্রমিক। অধিকাংশ কারখানায় যথাসময়ে উৎপাদন কাজও শুরু হয়েছে।

তবে কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবিসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

কারখানার উৎপাদন অব্যাহত রাখার স্বার্থেই এই ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

মজুরি বৃদ্ধির দাবিতে কয়েকদিন ধরেই ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে আন্দোলন করছিলেন পোশাক শ্রমিকরা।

তারা মহাসড়ক অবরোধ, কর্মবিরতিসহ নানাভাবে বিক্ষোভ করেছেন। আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্নস্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং বাস-ট্রাক ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শ্রমিক আন্দোলনের কারণে অনেক কারখানয়ি ছুটি দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ সংঘাতের মধ্যেই সরকার ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে। তাতেও শ্রমিকদের বিক্ষোভ কমেনি।

বুধবার মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। তারপর থেকে শ্রমিক অসন্তোষ কমে আসে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বৃহস্পতিবার বলেন, “আশুলিয়া এলাকায় সকালে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেন। তবে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে কারখানা থেকে বেরিয়ে যান। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার, আশুলিয়া শিল্পাঞ্চলের সব এলাকায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে যে কোনো শ্রমিক অসন্তোষ ঠেকাতে পুলিশ সর্বোচ্চ সতর্কতা নিয়ে মাঠে রয়েছে। শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন কাজের পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো ধরনের শঙ্কা দূর করতে অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।