রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জমি নিয়ে বিরোধ থেকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গ্রেপ্তার ৩

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2026, 08:06 সকাল • 3 বার পঠিত
জমি নিয়ে বিরোধ থেকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, গ্রেপ্তার ৩

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুরের ঘটনাটি জমিজমা কেন্দ্রিক দখল-বেদখল বা দুই গ্রুপের অভ্যন্তরীণ বিবাদের জের ধরে ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে রাজধানীর মানিকদিতে অবস্থিত ‘নিউগিনি প্রপার্টিজ’ আবাসন প্রতিষ্ঠানে প্রবেশ করে একদল লোক হামলা চালায়। সেখানে সালমান মুক্তাদিরের স্টুডিও রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মো. মাহিদুল ইসলাম জানান, ঘটনার পরপরই ক্যান্টনমেন্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে।

পরে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন– গফরগাঁওয়ের বাসিন্দা ও ভাসানটেক বস্তির মামুন (৩৫), টাঙ্গাইলের বাসিন্দা ও মজুমদারের মোড়ের অটোচালক আসলাম এবং বরগুনার পাথরঘাটার বাসিন্দা ও ভাসানটেক বস্তির মুন্না (২৯)।

হামলার কারণ সম্পর্কে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি জমিজমা কেন্দ্রিক দখল-বেদখল বা দুই গ্রুপের অভ্যন্তরীণ বিবাদের জের ধরে ঘটেছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চাঁদাবাজি বা অন্য কোনো অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে চাঁদাবাজির কোনো তথ্য আমাদের কাছে নেই। তদন্ত শেষে হামলার মূল কারণ ও এর পেছনে কারা নেতৃত্ব দিয়েছে, তা জানা যাবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

এসময় ডিএমপির ডিবি যুগ্ম কমিশনার (উত্তর), ডিবি ও ক্রাইম বিভাগের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।