ঢাবিতে মঙ্গলবার ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে প্রশাসন
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অনুমতি ছাড়া ১০ নভেম্বর কোন কোন শিক্ষক ক্লাস নেননি, তাদের নামের তালিকা বুধবার বিকাল ৪টার মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন।
এতে বলা হয়, গত ১০ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ও ইনস্টিটিউটের কিছু শিক্ষক ক্লাস নেননি বলে কর্তৃপক্ষের কাছে তথ্য এসেছে।
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বুধবার দুপুরে বলেন, “এরকম আনইউজুয়াল কেইসে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষকের সংখ্যা কী রকম, এই ডেটা আপাতত আমরা জানতে চাচ্ছি। দায়বদ্ধতার জায়গা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ক্লাসে কতটুকু নিয়মিত, এই তথ্য আমরা জানতে চাচ্ছি।”
তিনি বলেন, “একজন শিক্ষকের সমস্যা থাকতে পারে, অন্য রেসপন্সিবিলিটি থাকতে পারে, কিন্তু সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ইনস্টিটিউটের ডিরেক্টররা, উনারা বিষয়গুলো সম্পর্কে অবহিত কি না— এই তথ্যটা আগে আমাদের প্রয়োজন, সেজন্য আমরা ডেটা সংগ্রহ করছি।”