জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে ভেস্তে যাওয়ার শঙ্কায় জলবায়ু চুক্তি
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে মতবিরোধের কারণে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ চূড়ান্ত চুক্তি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এ বিরোধে শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রোববার নির্ধারিত সময়ের পর দ্বিতীয় দিনের মতো অতিরিক্ত সময়েও আলোচনা অব্যাহত রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জলবায়ু চুক্তির সর্বশেষ খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধের বিষয়ে সব ধরনের উল্লেখ বাদ দেওয়ায় বিভিন্ন দেশ ক্ষুব্ধ হয়েছে। এমনকি কয়েকটি দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ারও হুমকি দিয়েছে।
বিরোধী পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্য চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে সম্মেলনের আয়োজক দেশ তুরস্কের সভাপতিত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও সমঝোতার চেষ্টা চলছে।
জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে গভীর মতবিরোধে থাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবকে একসঙ্গে আলোচনায় বসানো হয়েছে, যাতে একটি সমঝোতায় পৌঁছানো যায়।
সম্মেলনের এক পূর্ণাঙ্গ অধিবেশনে কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রতিনিধিদের জানান, পর্যালোচনার জন্য চুক্তির তৃতীয় ও ‘চূড়ান্ত’ খসড়া তাদের কাছে পাঠানো হবে।
তিনি বলেন, খসড়াটি নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচকদের স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।
কুরুম বলেন, ‘আমরা আপনাদের অনুরোধ করছি, সিদ্ধান্তটি ভালোভাবে বিবেচনা করুন। বাকি বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি রয়েছি।’
তবে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক দূত ভপকে হুকস্ত্রা শনিবার সতর্ক করে বলেন, ‘খারাপ কোনো চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভালো।’
তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত এ সম্মেলন থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল। ইরান যুদ্ধের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে গিয়ে দেশগুলো এমনিতেই চাপে রয়েছে।
ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত ধারাবাহিক দুর্যোগের মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতি আরও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত জলবায়ু চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত ও সংক্ষিপ্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের কোনো উল্লেখই রাখা হয়নি।
- আমাদের কাছে এটি আপসহীন বিষয় -
জীবাশ্ম জ্বালানি জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হলেও জাতিসংঘের জলবায়ু আলোচনায় এটি অন্যতম বিতর্কিত বিষয়। চুক্তির খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের উল্লেখ বাদ দেওয়ায় বিভিন্ন দেশ প্রতিবাদ জানিয়েছে। কেউ কেউ আলোচনা থেকে সরে যাওয়ারও হুমকি দিয়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভালুর জলবায়ুবিষয়ক মন্ত্রী মাইনা তালিয়া সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের কাছে আপসহীন বিষয়। আমরা তো এসব সমস্যার মূল কারণ নিয়েই আলোচনা করছি।’
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের ঝুঁকিতে থাকা টুভালুর এই মন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব যদি জীবাশ্ম জ্বালানির বিষয়টি মোকাবিলা করতে না পারে, তাহলে এখানে আমাদের সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হচ্ছে না।’
আয়ারল্যান্ডের জলবায়ুবিষয়ক মন্ত্রী ডারা ও'ব্রায়েন বলেন, এই সম্মেলনে অংশ নেওয়া প্রায় ১৩০টি দেশ চূড়ান্ত চুক্তিতে অন্তত জীবাশ্ম জ্বালানির উল্লেখ ও এর ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করার বিষয়ে সুস্পষ্ট বক্তব্য চায়।
সর্বশেষ খসড়ায় কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাবও রয়েছে। জীবাশ্ম জ্বালানি শিল্পের সমর্থনপুষ্ট এ প্রযুক্তি নিয়েও তীব্র আপত্তি উঠেছে।
সমালোচকদের মতে, এ প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে এখন পর্যন্ত এর কার্যকারিতার প্রমাণ খুবই সীমিত। তাদের আশঙ্কা, এ প্রযুক্তির ওপর নির্ভরতা জীবাশ্ম জ্বালানির ব্যবহার দীর্ঘায়িত করতে পারে।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের বিশ্লেষক লি শুও বলেন, ‘এখানে বেশ কয়েকটি বিষয়ে বিরোধ রয়েছে। তবে প্রধান বিরোধটি এখনো মূলত ইউরোপীয় ইউনিয়ন ও সৌদি আরবের মধ্যে—জীবাশ্ম জ্বালানি এবং কার্বন ধারণ প্রযুক্তি নিয়ে।’
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারোও দুর্বল কোনো চুক্তি মেনে না নেওয়ার হুমকি দিয়েছেন।
তিনি অভিযোগ করেছেন, ‘পেট্রোলিয়াম মাফিয়া’ বিশ্বকে জিম্মি করে রেখেছে।
পরিচ্ছন্ন বিদ্যুতায়নের প্রস্তাব
জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধের মধ্যে সম্মেলনের আয়োজক তুরস্ক ও অস্ট্রেলিয়া ‘বিদ্যুতায়ন’কে কার্বন নিঃসরণ কমানো ও জ্বালানি নিরাপত্তা জোরদারের একটি উপায় হিসেবে তুলে ধরেছে।
জলবায়ু চুক্তির সর্বশেষ খসড়ায় বিশ্ব অর্থনীতিকে বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এর উদ্দেশ্য হলো ডিজেলচালিত গাড়ি ও গ্যাসে পরিচালিত হিটিং ব্যবস্থার মতো সরাসরি জীবাশ্ম জ্বালানি পোড়ায় এমন প্রযুক্তির পরিবর্তে বিদ্যুৎচালিত বিকল্প ব্যবহার বাড়ানো।
প্রস্তাবে ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার জন্য বৈশ্বিক উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
তবে অতিরিক্ত বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করতে হবে, নাকি কয়লা ও গ্যাস থেকেও উৎপাদন করা যাবে—সে বিষয়ে খসড়ায় কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি। এ কারণে কয়েকটি দেশ বিদ্যুতায়নের লক্ষ্যমাত্রার সঙ্গে ‘পরিচ্ছন্ন’ শব্দটি যুক্ত করার দাবি জানিয়েছে।
বর্তমানে বিশ্বে উৎপাদিত মোট বিদ্যুতের প্রায় এক-তৃতীয়াংশ আসে কয়লা থেকে। আর প্রায় এক-পঞ্চমাংশ উৎপাদিত হয় জীবাশ্ম গ্যাস ব্যবহার করে।
এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তসরকার প্যানেল (আইপিসিসি)-এর পরবর্তী প্রতিবেদন প্রকাশ পিছিয়ে দেওয়ার চেষ্টা নিয়েও বিরোধ তৈরি হয়েছে।
সৌদি আরব, ভারত ও কেনিয়া এ প্রতিবেদন প্রকাশে বিলম্বের চেষ্টা করেছে।
প্যারিস জলবায়ু চুক্তিতে নির্ধারিত বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জন সম্ভব না হলে কী পদক্ষেপ নেওয়া হবে, তা নিয়েও দেশগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে।
সর্বশেষ খসড়ায় এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। তবে চলতি শতাব্দীতেই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার যত দ্রুত সম্ভব আবারও ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনার যে আহ্বান আগের খসড়ায় ছিল, তা বাদ দেওয়া হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার প্রতিশ্রুতি ধনী দেশগুলো যথাযথভাবে পালন করছে না—এ অভিযোগ নিয়েও দীর্ঘদিনের বিরোধ রয়েছে।
সর্বশেষ খসড়া থেকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কাজে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য ১২০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা বাদ দেওয়ায় এসব দেশ ক্ষুব্ধ হয়েছে।