রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

জামিনে বের হওয়ার একমাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী

মোহাম্মদ খাইরুল আমিন • 27 সেপ্টেম্বর 2026, 12:47 দুপুর • 4 বার পঠিত
জামিনে বের হওয়ার একমাস পর মারা গেলেন সাংবাদিক আজহার আলী

ঢাকায় রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাভোগ করা সাংবাদিক আজহার আলী সরকার জামিন পাওয়ার একমাস দশদিন পর মারা গেছেন।

রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে রোববার দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পথে তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন তার স্ত্রী রোকসানা পারভীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরে বেশি অসুস্থ হওয়ায় ১টা ১০ মিনিটের দিকে আমরা সেখান থেকে বের করি পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নেওয়ার জন্য। তখনই মারা গেছে রাস্তায়।”

সাতান্ন বছর বয়সি আজহার আলী দীর্ঘদিন ধরে ‘কিডনির সমস্যায়’ ভুগছিলেন বলে তথ্য দেন রোকসানা পারভীন।

দুই ছেলে সন্তান রেখে যাওয়া এ সাংবাদিকের জানাজা এ দিন আসরের নামাজের পর বনশ্রীর আইডিয়াল মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

আজহার আলী সরকারকে গত বছরের ১০ অক্টোবর গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তখন পরিবার দাবি করেছিল, সেদিন সন্ধ্যায় ডিবির একটি দল বনশ্রীর বাসভবন থেকে আজহার আলীকে তুলে নিয়ে যায়। পরদিন রমনা থানার সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়, যে মামলাটি হয়েছিল বাংলাদেশি বংশদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিমকে ধরার পর।

সেই থেকে আজহার আলী কারাগারে ছিলেন। তবে অসুস্থতা বিবেচনায় তাকে গত ১৭ অগাস্ট জামিন দেয় আদালত।

আজহার আলী এক সময় দৈনিক ‘আমাদের সময়’ ও ‘আজকের কাগজ’-এর মতো সংবাদমাধ্যমে কাজ করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছর ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় প্রাডো গাড়িতে ‘সন্দেহজনকভাবে’ ঘোরাঘুরি করছিলেন মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী। সন্দেহজনক গতিবিধির কারণে পুলিশ তাকে আটক করে রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে। মামলায় সম্পৃক্ত থাকায় তার সহযোগী এসএম গোলাম মোস্তফা আজাদ এবং জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকেও গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে এ মামলায় আজহার আলীকে গ্রেপ্তার দেখান হয়েছিল। এর মধ্যে এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও গত ১৮ জুন শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আবার আজহার আলীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ডিবি পুলিশের রমনা বিভাগের পরিদর্শক আখতার মোর্শেদ।

এ মামলাটি হয়েছিল মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও আব্দুল্লাহীল কাইউমসহ ১৬ জনকে আটকের পর। গতবছর ২৮ অগাস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামের এক সংগঠনের অনুষ্ঠানে গিয়ে ‘মবের শিকার’ হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে উল্টো মামলা দেওয়ার অভিযোগ রয়েছে।

এ মামলায় সাংবাদিক আজহার আলীকে গ্রেপ্তার দেখানোর প্রশ্নে শুনানির দিন ছিল গত ২৯ ‍জুন। এ দিন শুনানিকালে তাকে হুইল চেয়ারে করে আদালতে হাজির করা হয়।

বারবার অসুস্থতা দেখিয়ে জামিন চাইলেও তখন জামিন মেলেনি। কারাগারে থাকা অবস্থায় আজহার আলীর চিকিৎসা ঠিক মত হচ্ছিল না বলেও অভিযোগ ছিল পরিবারের। পরে ১৭ অগাস্ট তার জামিন মেলে।