হামের উপসর্গ নিয়ে এক দিনে ২ মৃত্যু
দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে এক হাজার ১৩২ জন। আর নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৮২ জনের।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়াল ১০০৯ জনে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ১০১ জনের। সেই হিসেবে হামে মোট ১ হাজার ১১০ জনের মৃত্যু হল।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম এবং সিলেট বিভাগে একজন করে মারা গেছে।
হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৫২ জন মারা গেছে ঢাকা বিভাগে।
এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৯ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৬, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে।
একদিনে দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ১৩২ জন রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ৭৭ জন ভর্তি হয়েছে।
হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৩৬৫ জন, চট্টগ্রামে ২৪২, সিলেটে ১২০, বরিশালে ১১৬, খুলনায় ১০৩, ময়মনসিংহ ৭৮, রাজশাহীতে ৩১ ও রংপুরে ২২ জন।
১৫ মার্চের পর থেকে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন ১ লাখ ৯২ হাজার ৮৬৩ জন। তাদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।
এ পর্যন্ত ২১ হাজার ৬০২ জনের নমুনা পরীক্ষায় হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে নমুনা পরীক্ষার তথ্য দিয়ে হামের বিস্তারে প্রকৃত চিত্র পাওয়া যায় না।v