বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2026, 12:50 দুপুর • 4 বার পঠিত
হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু ও ১ হাজার ১৪৫ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারের হিসাবে, এ নিয়ে গত সাড়ে ছয় মাসে হামের উপসর্গ নিয়ে ১০০৭ জনের মৃত্যু হলো। এর বাইরে আরও ১০১ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছে।

সবচেয়ে বেশি, ৪৫২ জন মারা গেছেন ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৮ জন। এছাড়া রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮০, চট্টগ্রামে ৮৫, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জন মারা গেছে। মারা যাওয়া রোগীর সবাই প্রায় শিশু।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় ১ হাজার ২২১ জন হামের উসর্গ নিয়ে হাসপাতালে আসে। এর মধ্যে ভর্তি হয় এক হাজার ১৪৫ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৩৯৬ জন, চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৬৪, বরিশালে ১৪০, খুলনায় ৬৬, ময়মনসিংহ ৭২, রাজশাহীতে ৩৩ ও রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয় ১২ জন।

বুলেটিন অনুযায়ী, হাসপাতালে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত সাড়ে ছয় মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা দাড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জন। আর হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৫২০ জনের শরীরে।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা বা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হামের পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি হওয়া রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।