সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 09 নভেম্বর 2026, 01:11 দুপুর • 8 বার পঠিত
হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

হাম আক্রান্ত হয়ে দেশে যত শিশু মারা গেছে তার সব দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, “হামে মৃত্যুর দায় তো আমার, দায়ি আমি। আমাকে ফাঁসি দেন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।”

সোমবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ৪ তলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

টিকা নিতে অনেকের অনিহা আছে দাবি করে মন্ত্রীর ভাষ্য, “এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম।”

একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীর প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।

"শিশুরা টিকা না নেওয়ার পেছনে অনেক সময় মা-বাবারাও অবহেলা করেন, অনেকে ইনজেকশনের ভয়ে টিকাকেন্দ্রে আসেন না। তবে আমরা প্রটোকলের বাইরে গিয়ে কিছু করতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শ করে ব্যবস্থা নিচ্ছি। টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের অনুমোদিত আন্তর্জাতিক মানের।”

টিকা প্রসঙ্গে তিনি বলেন, “ছয় মাসের নিচের বয়সিদের হাম হচ্ছে কিন্তু টিকা দিতে পারছি না। এই বিষয়ে নিয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ছয় মাসের কম বয়সি শিশুদের টিকা দিলে প্যারালাইসিস বা অন্যান্য রোগ হতে পারে।

“এ সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।”

সরকারি হিসাব অনুযায়ী দেশে রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জন মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮৪ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১৭৯ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল।

চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে দেশে হামে ও হামের লক্ষণ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা বাড়া শুরু হয়। হঠাৎ করে এ রোগ ছড়িয়ে পড়ার মধ্যে এপ্রিল-মে মাসে টিকার সংকটের বিষয়টি সামনে এলে শুরু হয় সমালোচনা।

মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় টিকা সংগ্রহ না করার অভিযোগ ওঠার মধ্যে একের পর এক শিশুর মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকার ও স্বাস্থ্য প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভও হয়।

২০২৪ সাল পর্যন্ত ইউনিসেফের মাধ্যমে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় টিকা আনত সরকার। এতে অর্থায়ানের মূল উৎস ছিল দাতাদের সহায়তা। কিন্তু ২০২৫ সালে এসে এটাকে রাজস্ব বাজেটের খরচের আওতায় এনে উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার পথে এগোয় মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন তৎকালীন অন্তবর্তী সরকার।

এছাড়া জুলাই অভ্যুত্থানের সময়কার বিরূপ পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টদের দীর্ঘদিনের আন্দোলনের কারণেও টিকা কার্যক্রম ব্যাহত হয়।

চলতি বছরের জানুয়ারিতে যখন অন্তর্বর্তী সরকার ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই মূলত দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। মার্চ মাসে গিয়ে হামের রোগী বাড়ার ফলে টিকা কার্যক্রম ঠিকমত না চলার বিষয়টি সামনে আসে।

ইতিমধ্যে হামের টিকা কেনা ও বিতরণে ‘বিলম্ব, অনিয়ম, ব্যর্থতায়’ অন্তর্বর্তী সরকারের ‘দায় দায়িত্ব’ নিরূপণে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। গত ৪ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত গেজেট জারি করেছে। কমিটির প্রধান করা হয়েছে, হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি মামনুন রহমানকে।

শিশু হাসপাতালের আগে স্বাস্ব্যমন্ত্রী এ দিন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি৷

শিশু হাসপাতালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।