সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

হাম: মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

মোহাম্মদ খাইরুল আমিন • 28 সেপ্টেম্বর 2026, 01:07 দুপুর • 6 বার পঠিত
হাম: মৃত্যু ১১০০ ছুঁইছুঁই

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৯ জন। আর হাম শনাক্ত হয়েছে ৯৬ জনের শরীরে।

নতুন তিনজনের মৃত্যু নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ ও হামে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৯ জনের প্রাণ গেল। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০১ জনের।

আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ৬৭ হাজার ৪৬৯ জনে। হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ৩০৮ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত এক দিনে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রামে বিভাগে ও একজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

হামের উপসর্গে মোট প্রাণহানির মধ্যে সবচেয়ে বেশি ৪৪৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৭৬ জন। এছাড়া রাজশাহী বিভাগে ৯৩, ময়মনসিংহে ৭৯, চট্টগ্রামে ৮৩, বরিশালে ৬০, খুলনায় ৪৪ ও রংপুর বিভাগে ১৫ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ৪০৪ জন, চট্টগ্রামে ২৭৫, সিলেটে ১৬৪, বরিশালে ১৩০, খুলনায় ৭৮, ময়মনসিংহ ৬৮, রাজশাহীতে ২৮ ও রংপুরে ১২ জন।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর।

হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে হাম শনাক্ত হওয়া রোগীর সঠিক সংখ্যা পাওয়া যায় না। কেবল হাসপাতালে আসা বা ভর্তি রোগীর তথ্য নথিভুক্ত করা হয়।