সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গু আর হাম কেড়ে নিল দুই ছেলেকেই, নিঃস্ব মা-বাবা

মোহাম্মদ খাইরুল আমিন • 09 নভেম্বর 2026, 08:01 সকাল • 5 বার পঠিত
ডেঙ্গু আর হাম কেড়ে নিল দুই ছেলেকেই, নিঃস্ব মা-বাবা

দশ বছর বয়সি নূর মোহাম্মদ আরাফাতের মৃত্যু হয় শুক্রবার; দুদিন বাদে রোববার রাতে মারা গেছে ১০ মাস বয়সি মোহাম্মদ আবু বক্কর।

তিনদিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার বাসিন্দা মোহাম্মদ কবির ও আমেনা বেগম। এ দম্পতির ঘরে ৯ বছরের ব্যবধানে দুটি সন্তান এসেছিল; দুজনেই ডেঙ্গু ও হামে আক্রান্ত হয়েছিল।

বড় ছেলেকে হারানোর পর ছোট সন্তানটিকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন মোহাম্মদ কবির। চিকিৎসকরাও বলছেন, সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে বাঁচানো যায়নি ১০ মাস বয়সি মোহাম্মদ আবু বক্করকেও।

দুই সন্তানকে হারিয়ে এখন নির্বাক মা আমেনা বেগম। কী করবেন বুঝে উঠতে পারছেন না বাবা মোহাম্মদ কবির।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যাকেন্দ্রের (পিআইসিইউ) প্রধান অধ্যাপক দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার রাত ১টার পর মোহাম্মদ আবু বক্কর মারা যায়। তার আগে শুক্রবার সকালে মারা গিয়েছিল তার বড় ভাই নূর মোহাম্মদ আরাফাত।

“তাদের ডেঙ্গু এবং হাম দুটোই একসাথে হয়েছিল। পরে নিউমোনিয়া হয়। ব্রেইনে ইনফেকশন ছড়িয়ে পড়ে। আমরা সবরকম চেষ্টা করেছি। মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।”

ডা. দিদারুল আলম বলেন, “পরিবারটির আর্থিক পরিস্থিতি বিবেচনায়, হাসপাতালের পক্ষ থেকে আর্থিকভাবেও সহায়তা করা হয়েছিল।

“আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সবই করেছি। এভাবে একটি পরিবারের দুটি সন্তানেরই মৃত্যু খুবই দুর্ভাগ্যজনক।”

সোমবার দুপুরে মোহাম্মদ কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বড় ছেলেটা চলে যাওয়ার পর অনেক চেষ্টা করেছি ছোট ছেলেটাকে বাঁচাতে। পারলাম না। আমার আর কিচ্ছু নাই ভাই; কী নিয়ে থাকব?”

এরপর কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। কবির বলেন, “আমি এখন ছোট ছেলেকে নিয়ে কবরস্থানে…।”

কবিরের বড় ছেলে ১০ বছর বয়সি নূর মোহাম্মদ আরাফাত চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার হিলভিউ পাবলিক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

সপ্তাহ তিনেক আগে আরাফাতের জ্বর, বমি ও কাশি হয়। শুরুতে তাকে চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে দুদিন পর নেওয়া হয় বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে।

অবস্থার অবনতি হলে আরাফাতকে আইসিইউতে রাখা হয়। কয়েকদিন পর নেওয়া হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। সেখানেই আইসিইউতে চিকিৎসাধীন ছিল আরাফাত।

এর মধ্যে ছোট ছেলেও অসুস্থ হয়ে পড়লে তাকেও মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায় আরাফাত। শনিবার ছোট ছেলে আবু বক্করের অবস্থার অবনতি হলে তাকেও আইসিইউতে নেওয়া হয়। রোববার রাতে সেও মারা যায়।

নগরীর পাঁচলাইশ হিলভিউ এলাকার ১ নম্বর সড়কের বাসিন্দা মোহাম্মদ কবির একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার স্ত্রী আমেনা বেগম গৃহিণী।

নিজের স্বল্প আয়ে চলে মোহাম্মদ কবিরের সংসার। দুই ছেলের চিকিৎসার টাকা জোগাতে সব সঞ্চয় খরচের পাশাপাশি অনেক ধারদেনাও করেছেন তিনি। বড় সন্তানের মৃত্যুর পর অন্তত ছোট ছেলেটাকে নিয়ে ঘরে ফিরবেন এটাই ছিল কবিরের আশা। শেষ পর্যন্ত দুই ছেলের কেউই রইল না।