বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় ‘প্ররোচনা’: মামা ওবায়দুর রিমান্ডে

মোহাম্মদ খাইরুল আমিন • 01 অক্টোবর 2026, 11:24 দুপুর • 5 বার পঠিত
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যায় ‘প্ররোচনা’: মামা ওবায়দুর রিমান্ডে

জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার মামা ওবায়দুর রহমানকে চার দিনের রিমান্ড পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারের পর ২৩ সেপ্টেম্বর মরিয়মের মামা ওবায়দুর রহমানকে কারাগারে পাঠানো হয়।

সোমবার তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা-ডিবির তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন রাখেন বৃহস্পতিবার।

এদিন শুনানিকালে ওবায়দুরকে আদালতে হাজির করা হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ও হারুন-অর-রশীদ।

হারুন-অর-রশীদ বলেন, “ভিকটিমকে নিয়ে গাজী নজরুল ইসলাম ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে। কিছু ভিডিও প্রকাশিত হয়। তখন থেকে ঘটনার সূত্রপাত। এরপর জানানো হয়, তাদের বিয়ের কথা। তবে কাবিননামা নিয়েও বিতর্ক আছে।

“সবকিছুর সাক্ষী ওবায়দুর। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এটা আত্মহত্যা না হত্যা তা উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।”

ওমর ফারুকী বলেন, “এটা হত্যা না আত্মহত্যা তা বের করা দরকার। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু বের হয়ে আসবে।”

ওবায়দুরের পক্ষে তার আইনজীবী গোলাম সাবের চৌধুরী রিমান্ড আবেদন বাতিল করে তাকে জামিন দেওয়ার আর্জি জানান।

তিনি বলেন, “গাজী নজরুল ইসলামের অনৈতিক কাজ ওবায়দুরের চোখে পড়ে। মরিয়মের বাবা-মায়ের প্রত্যক্ষ প্ররোচনায় মেয়েটির সাথে নজরুল ইসলামের সম্পর্ক গড়ে ওঠে। ওবায়দুর প্রতিবাদী। মেনে নিতে পারেননি। নজরুল ইসলাম তাকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে চায় তবে পারেনি। পরে তাকে চাকরীর অফার করে। মেয়েটার সাথে নজরুল ইসলাম কি করে তা জানার জন্য সে চাকরীতে জয়েন্ট করে।”

এ আইনজীবী বলেন, “নজরুল ইসলামকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়েছে। তবে তার (ওবায়দুরের) বিরুদ্ধে কিছু আসেনি। বিয়েতে সাক্ষী থাকতে পারে তবে আত্মহত্যার প্ররোচনায় নেই। রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থনা করছি।”

শুনানি শেষে আদালত ওবায়দুরের চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সংসদ ভবনের উল্টো দিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।