শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
অর্থনীতি

এক সপ্তাহে ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমল সোনার দাম

মোহাম্মদ খাইরুল আমিন • 13 নভেম্বর 2026, 08:19 সকাল • 9 বার পঠিত
এক সপ্তাহে ভরিতে প্রায় ১০ হাজার টাকা কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কমছেই। এক দিনের ব্যবধানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিতে আরও ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এ নিয়ে এক সপ্তাহে চার দফায় ভরিতে সোনার দাম কমল ৯ হাজার ৮৫৬ টাকা।

নতুন দর অনুযায়ী, শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকায়।

অন্যান্য মানের সোনার দামও কমানো হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

এর আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বাড়ানোর পর ৫ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় উঠেছিল।

এরপর গত এক সপ্তাহে চার দফায় ভরিতে দাম কমল ৯ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে শেষ তিন দিনে কমেছে ৭ হাজার ১১৫ টাকা।

চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা ছিল তখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে দফায় দফায় দাম বাড়া-কমার মধ্য দিয়ে দেশের বাজারে সোনার লেনদেন চলছে।

কত দামে বিক্রি হচ্ছে সোনা

বাজুসের নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৮৪৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে।

নতুন দর কার্যকরের আগে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

সেই হিসাবে এক দিনের ব্যবধানে ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে সোনা

চলতি বছরের ২৯ জানুয়ারি বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে রেকর্ড গড়েছিল। সেদিন স্পট মার্কেটে দাম একপর্যায়ে ৫ হাজার ৫৯১ ডলার ৬১ সেন্টে ওঠে। পরে প্রতি আউন্সের দাম দাঁড়ায় ৫ হাজার ৫৩৮ ডলার ৬৯ সেন্টে।

বিশ্ববাজারে সোনার দাম বাড়ার প্রভাবে ওই দিনই বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল।

এরপর আন্তর্জাতিক বাজারে সোনার দামে ওঠানামা চলতে থাকে। গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে সোনার দাম প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে আসে। পরে দাম কিছুটা বাড়লেও সাম্প্রতিক সময়ে আবার দরপতন দেখা যায়।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সোনার দাম এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর শুক্রবার কিছুটা বেড়েছে। কম দামে সোনা কেনার প্রবণতা এবং বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টা ১৮ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৯১৮ ডলার ৫৯ সেন্টে দাঁড়ায়। তবে সপ্তাহের হিসাবে তখনও দাম ৩ দশমিক ৬ শতাংশ কম ছিল।

অপরিবর্তিত রুপার দাম

সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।

হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। সে হিসাবে প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।