বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৪৮ জনের

মোহাম্মদ খাইরুল আমিন • 30 সেপ্টেম্বর 2026, 12:52 দুপুর • 4 বার পঠিত
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৪৮ জনের

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময় আরও ১৯৪৮ জনের হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ২৪৫ জনের মৃত্যু হল। এর মধ্যে সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৪৮ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার বুলেটিনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৮৯ জন ভর্তি হয়েছেন, দক্ষিণ সিটিতে ভর্তি হন ২১০ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩২০ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২১২ জন, চট্টগ্রামে ৩৪৩ জন, খুলনায় ২৪৮ জন, ময়মনসিংহে ১০২, রাজশাহীতে ২১১, রংপুরে ৯৯ ও সিলেটে ১৪ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৮২ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

চলতি বছর এ নিয়ে মোট ৭৯ হাজার ৬২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭৩ হাজার ৮৯০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।