মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৭১

মোহাম্মদ খাইরুল আমিন • 27 অক্টোবর 2026, 11:10 দুপুর • 9 বার পঠিত
ডেঙ্গুতে ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৭১

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২ হাজার ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪০০ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসেই প্রাণ গেছে ১৫৫ জনের।

মঙ্গলবার বুলেটিনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৮৯৯ জন ভর্তি হয়েছেন। আর অন্য বিভাগের মধ্যে বরিশালে ২১৭ জন, চট্টগ্রামে ২৪১ জন, খুলনায় ২৫০, ময়মনসিংহে ৯৭, রাজশাহী ২২৯, রংপুরে ১১২ এবং সিলেটে ২৬ জন ভর্তি হয়েছেন।

বুলেটিন অনুসারে, চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ১ লাখ ২১ হাজার ৪২২ জন রোগী হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।