শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: ছুটির দিনেও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ খাইরুল আমিন • 02 অক্টোবর 2026, 12:53 দুপুর • 5 বার পঠিত
চুয়েটে উপাচার্য পুনর্বহালের আন্দোলন: ছুটির দিনেও বিক্ষোভ মিছিল

অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে শুক্রবার ছুটির দিনেও বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

উপাচার্য পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের একাদশ দিন শুক্রবার বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তাদের এ মিছিল শুরু হয়।

মিছিল থেকে শিক্ষার্থীরা ‘ভিসি হিসেবে কাকে চাই, সায়েম স্যারকেই আবার চাই’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, “আজ আমাদের আন্দোলনের একাদশ দিন। আমাদের দাবি নিয়ে এখনো ঊর্ধ্বতন মহল থেকে কোনো সাড়া পাচ্ছি না। এর প্রতিবাদেই আজকের এই বিক্ষোভ মিছিল।”

“আমাদের ক্লাস-পরীক্ষা সবকিছু বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে না ফেরার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটা ইতিবাচক ফলাফল চাই।”

আন্দোলনরত আরেক শিক্ষার্থী বলেন, “প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ বন্ধের দিনেও আমরা বিক্ষোভ মিছিল করেছি। আমরা সবাই অনিশ্চয়তার মধ্যে আছি।

“এই অনিশ্চয়তার একটা শেষ চাই। দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের প্রথম দিন থেকেই আকুল আকুতি, আপনি হস্তক্ষেপ করে এর একটা সমাধান এনে দিন। আমরা ক্লাসে ফিরে যেতে চাই।”

এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে মশাল মিছিল, লাল কার্ড প্রদর্শন, চোখে কালো কাপড় বেঁধে প্রতিবাদসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

আন্দোলনের কারণে ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।

গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব নেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। ২১ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে অব্যাহতি দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য করা হয়।

৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনের এই সিদ্ধান্তের প্রতিবাদে ওই রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে তারা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। ২২ সেপ্টেম্বর থেকে শুরু হয় শাটডাউন ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি।

আন্দোলনের মধ্যেই ২৪ সেপ্টেম্বর বিকালে অনলাইনে উপাচার্য পদে যোগ দেন অধ্যাপক শেখ শরীফুল আলম। তিনি সেদিন বিকাল ৪টার দিকে অনলাইনে যোগদানের কথা জানান। তবে শুক্রবার পর্যন্ত তিনি চুয়েট ক্যাম্পাসে যাননি।