বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশে ইউনিক্লোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

মোহাম্মদ খাইরুল আমিন • 28 অক্টোবর 2026, 08:13 সকাল • 4 বার পঠিত
বাংলাদেশে ইউনিক্লোর বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

জাপানের পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিবিক্রির চেইন ইউনিক্লোকে বাংলাদেশের তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

সেখানেই প্রধানমন্ত্রী এ আহ্বান রাখেন বলে তার উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন জানান।

তিনি বলেন, “বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে আরও বিনিয়োগের জন্য ইউনিক্লোকে আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে ম্যান-মেইড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।”

শাহাদাৎ স্বাধীন বলেন, বাংলাদেশের প্রতি ইউনিক্লোর আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্কের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, পণ্যে উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং পরিবেশবান্ধব উৎপাদনপ্রক্রিয়ায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইউনিক্লোর কার্যক্রম সম্প্রসারণে সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

এ ক্ষেত্রে জমির ব্যবস্থা, বিনিয়োগের অনুমোদন এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদনপ্রক্রিয়া সহজ করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ফাস্ট রিটেইলিংয়ের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই।