মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

আইজিপির বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করবেন: তথ্য উপদেষ্টা

মোহাম্মদ খাইরুল আমিন • 27 অক্টোবর 2026, 08:06 সকাল • 5 বার পঠিত
আইজিপির বিষয়টি প্রধানমন্ত্রী বিবেচনা করবেন: তথ্য উপদেষ্টা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত থাকলে তা প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর বিবেচনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইজিপির বক্তব্য নিয়ে সমালোচনা এবং এ ঘটনায় সরকার কী ব্যবস্থা নেবে, তা জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, পুলিশ সদরদপ্তর থেকে ইতোমধ্যে বক্তব্যটির ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আইজিপি স্পষ্ট করেছেন, তার বক্তব্যের যে ব্যাখ্যা করা হয়েছে, তিনি সে অর্থে কথাটি বলেননি।

তিনি বলেন, আইজিপির বক্তব্য থেকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ইঙ্গিত কেউ কেউ পেয়েছেন। তবে পরবর্তী ব্যাখ্যায় তিনি তার বক্তব্যের উদ্দেশ্য পরিষ্কার করেছেন।

সাংবাদিকদের সম্পর্কেও সাধারণীকরণ করে দেওয়া বক্তব্যের বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়েছেন।তথ্য উপদেষ্টা বলেন, দায়িত্বশীল পদে থাকা কারও বক্তব্য ভুলভাবে উপস্থাপিত বা ব্যাখ্যা করা হলে সেটি পরিষ্কার করা প্রয়োজন।

আইজিপি তার বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। ফলে বিষয়টি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি দূর হওয়া উচিত বলে তিনি মনে করেন।জাহেদ উর রহমান বলেন, বক্তব্য দেওয়ার পর আইজিপি যদি কোনো ব্যাখ্যা না দিতেন, তাহলে বিষয়টি নিয়ে আরও আলোচনা হতে পারত। কিন্তু তিনি নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তাই এ নিয়ে আর বেশি কথা বলার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না।

আইজিপির বক্তব্যের ঘটনায় সরকার কী ব্যবস্থা নেবে, সে বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, বিষয়টি গতকাল ঘটেছে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয় থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে দেশে নেই। তিনি দেশে ফেরার পর বিষয়টি বিবেচনা করবেন।

এ সময় ইশরাক হোসেনের ঘটনায় সরকার ব্যবস্থা নিলেও আইজিপির ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ইশরাক হোসেন নিজে সাংবাদিকদের সামনে এসে তার ঘটনার প্রেক্ষাপট ব্যাখ্যা করেছেন। তিনি নিজে সরে গেছেন, নাকি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সে বিতর্কে সরকার যাচ্ছে না।

তথ্য উপদেষ্টা বলেন, আইজিপির বিষয়ে সরকারের চূড়ান্ত অবস্থান কী হবে, তা প্রধানমন্ত্রী নিজেই বিবেচনা করবেন। গুরুত্বপূর্ণ সফর শেষ করে দেশে ফেরার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, কেউ যখন নিজের অবস্থানে অনড় থাকছেন না এবং বক্তব্যের ব্যাখ্যা দিচ্ছেন, তখন তার প্রতি আরও কঠোর হওয়া হচ্ছে কি না, সেটিও বিবেচনায় নেওয়া উচিত।

সম্প্রতি আইজিপি আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ এবং সাংবাদিকদের নিয়ে দেওয়া বক্তব্যের পর তা নিয়ে সমালোচনা তৈরি হয়। পরে পুলিশ সদরদপ্তর থেকে বক্তব্যটির ব্যাখ্যা দেওয়া হয়।