বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

১৫ বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে: জ্বালানিমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 12 নভেম্বর 2026, 12:45 দুপুর • 4 বার পঠিত
১৫ বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে: জ্বালানিমন্ত্রী

 গত ১৫ বছরে দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থনৈতিক খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁঞার এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।মন্ত্রী বলেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের (জিএসবি) পরিচালিত অনুসন্ধানে দিনাজপুরের হাকিমপুর, চিরিরবন্দর ও পার্বতীপুর উপজেলায় লৌহ আকরিক (ম্যাগনেটাইট) এবং নওগাঁর বদলগাছীর তামপুর ও দিনাজপুরের হাকিমপুরে চুনাপাথরের সন্ধান পাওয়া গেছে।

এ ছাড়া কুড়িগ্রাম ও গাইবান্ধাসহ ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বালিতে ইলমেনাইট, জিরকন, গারনেট ও ম্যাগনেটাইটের মতো মূল্যবান ভারী খনিজের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এসব খনিজ সম্পদ উত্তোলনের লক্ষ্যে সরকার ইতোমধ্যে ভূতাত্ত্বিক ও ভূ-পদার্থিক জরিপ, অনুসন্ধান কূপ খনন, নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে বিশ্লেষণ এবং মজুত ও গুণগত মান নিরূপণের উদ্যোগ নিয়েছে।

তবে খনিজ সম্পদের বাণিজ্যিক উত্তোলন শুরুর আগে বিস্তারিত কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা সমীক্ষা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।