বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার

মোহাম্মদ খাইরুল আমিন • 15 অক্টোবর 2026, 11:27 দুপুর • 8 বার পঠিত
যাত্রাপথে ক্রিকেটারদের পাসপোর্ট-ডলার-আইফোনসহ লাগেজ চুরি, পরে উদ্ধার

জাতীয় ক্রিকেট লিগের ম্যাচ খেলতে যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হয়েছেন রাজশাহী বিভাগীয় দলের ক্রিকেটাররা। কভার্ড ভ্যান থেকে চুরি হয়ে যায় চারজনের আটটি লাগেজ। পরে রাজশাহী জেলা পুলিশ ও বিসিবির নিরাপত্তা বিভাগের তৎপরতায় উদ্ধার হয় বেশিরভাগ মালামাল।

ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে কভার্ড ভ্যান থেকে চুরি হয় স্পিনিং অলরাউন্ডার এসএম মেহেরব হাসান, পেসার মোহর শেখ অন্তর, পেসার আলি মোহাম্মদ ওয়ালিদ ও টিম বয় আব্দুল কাদেরের মোট ৮টি লাগেজ। পরে রাজশাহী জেলা পুলিশ অভিযান চালিয়ে জিনিসপত্র উদ্ধার করে।

ঘটনা মূলত মঙ্গলবার রাতের। সেদিন বিমানযোগে ঢাকা থেকে রাজশাহীতে চলে যান রাজশাহী দলের ক্রিকেটাররা। কভার্ড ভ্যানে করে পাঠানো হয় তাদের মালামালসহ ৫৪টি লাগেজ।

তবে রাজশাহীতে পৌঁছানোর পর ভ্যান খোলা হলে ৮টি লাগেজ খোয়া যাওয়ার ব্যাপারটি টের পান ক্রিকেটাররা। তাৎক্ষণিকভাবে রাজপাড়া থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেন মেহেরব।

রাজপাড়া থানার ওসি আবুল কালাম আজাদ অভিযোগপত্রের তথ্য অনুযায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা থেকে রাজশাহী আসার পথে পুঠিয়া এলাকার একটি হোটেলে খাবারের বিরতি দেন কভার্ড ভ্যানের চালক। পুনরায় যাত্রা শুরুর আগে ভ্যানের পেছনের দরজা খোলা দেখতে পান তিনি। সেটি বন্ধ করে রাজশাহীর উদ্দেশ্যে চলে যান চালক। পরে রাজশাহীতে পৌঁছানোর পর মালামাল খোয়া যাওয়ার বিষয়টি টের পাওয়া যায়।

অভিযোগপত্রে মেহেরব জানান, লাগেজগুলোর মধ্যে নিজেদের ব্যবহৃত জামাকাপড়ের পাশাপাশি তার পাসপোর্ট, একটি আইফোন, নগদ তিন লাখ টাকা ও ৩০০ ডলারের পাশাপাশি কিছু ইলেক্ট্রনিক্স সামগ্রী ছিল। এছাড়া মোহরের ব্যাগেও মূল্যবান ইলেক্ট্রনিকস সামগ্রী থাকার কথা বলা হয় অভিযোগে। আব্দুল কাদেরের ব্যাগে স্পাইকের পাশাপাশি খেলার সরঞ্জাম ছিল।

রাজপাড়া থানায় জিডি করা হলেও, ঘটনাটি পুঠিয়ায় হওয়ায় রাজশাহী ও নাটোর জেলা পুলিশ পুরো বিষয়টি দেখভাল করছে বলে জানান আবুল কালাম আজাদ। পরে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকেই বুঝিয়ে দেওয়া হয় উদ্ধারকৃত মালামাল।

রাজশাহী দলের ম্যানেজার তৌকির নিশ্চিত করেছেন মালামাল উদ্ধার হওয়ার খবর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, “লাগেজ হারানোর ব্যাপারে জানামাত্রই আমরা পুলিশ ও বিসিবিকে অবহিত করি। তাদের তৎপরতায় দ্রুততম সময়ের মধ্যে মালামাল পাওয়া গেছে।"

তবে খোয়া যাওয়া মালামালের সবকিছু এখনও উদ্ধার হয়নি। মালামাল উদ্ধারের ব্যাপারে ফোন পাওয়ার পর পুলিশ সুপারের কার্যালয়ে যান মোহর, মেহেরবসহ ভুক্তভোগী ক্রিকেটাররা। পরে নিজেদের জিনিসপত্র বুঝে নেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে মোহর শেখ জানান, অন্যদের প্রায় সব কিছু পাওয়া গেলেও তার লাগেজটি এখনও উদ্ধার হয়নি। মেহেরবের লাগেজে থাকা নগদ ৩ লাখ টাকার ব্যাপারেও কোনো ইতিবাচক খবর পাননি তারা।

চুরির সঙ্গে জড়িত চারজনের মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। বাকি থাকা মালামাল উদ্ধারের লক্ষ্যে তাদের নিয়ে বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে যাওয়ার কথা মোহর, মেহেরবদের। সেখানে বাকি থাকা সবকিছু পাওয়ার আশা করছেন তারা।

জাতীয় লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগামী রোববার বরিশালের মুখোমুখি হবে রাজশাহী।