শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আতাউল্লাহ পলাশ • 24 অক্টোবর 2026, 12:51 দুপুর • 7 বার পঠিত
ভানুয়াতুর উপকূলে ৭.২ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্পের পর শনিবার সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

হাওয়াইভিত্তিক সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রাথমিক ভূমিকম্পের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে অবস্থিত উপকূলীয় এলাকায় বিপজ্জনক সুনামির ঢেউ আঘাত হানতে পারে।

ভানুয়াতুর আশপাশের সমুদ্রাঞ্চলে সংঘটিত এই ভূমিকম্পটির গভীরতা ছিল কম।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ভানুয়াতুর পোর্ট-অলরি থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। পরে সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা সংশোধন করে ৬ দশমিক ৯ নির্ধারণ করে। একই এলাকার কাছাকাছি ৬ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পের খবরও জানিয়েছে সংস্থাটি।

ভানুয়াতুতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। নিচু ভূখণ্ডবিশিষ্ট দ্বীপপুঞ্জটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। 

দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তার জন্য পরিচিত।


#আন্তর্জাতিক #বাসস