মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, সমর্থন মাত্র ৩১ শতাংশ

মোহাম্মদ খাইরুল আমিন • 20 অক্টোবর 2026, 08:14 সকাল • 8 বার পঠিত
ট্রাম্পের জনপ্রিয়তায় রেকর্ড পতন, সমর্থন মাত্র ৩১ শতাংশ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে ৩১ শতাংশে নেমে এসেছে, যা তার দুই মেয়াদের মধ্যে সর্বনিম্ন। রয়টার্স ও ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জ্বালানির উচ্চমূল্য, অর্থনৈতিক পরিস্থিতি ও ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে অসন্তোষকে তার জনপ্রিয়তা কমার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।সোমবার প্রকাশিত চার দিনব্যাপী এ জরিপ অনুযায়ী, দুই সপ্তাহ আগের তুলনায় ট্রাম্পের জনসমর্থন এক শতাংশীয় পয়েন্ট কমেছে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচন সামনে রেখে নিবন্ধিত ভোটারদের মধ্যে পরিচালিত জরিপে ৪৭ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৫ শতাংশ রিপাবলিকানদের সমর্থন করার কথা জানিয়েছেন। এতে ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকানদের ব্যবধান দাঁড়িয়েছে ১২ শতাংশীয় পয়েন্টে।

দুই সপ্তাহ আগে এ ব্যবধান ছিল ৭ পয়েন্ট।জরিপে দেখা গেছে, অর্থনীতি পরিচালনায় ট্রাম্পের ভূমিকার প্রতি অসন্তুষ্ট ৬৮ শতাংশ মার্কিন নাগরিক।

তাদের মধ্যে রিপাবলিকান হিসেবে পরিচয় দেওয়া ৩৭ শতাংশ ব্যক্তিও রয়েছেন।অর্থনীতি পরিচালনায় কোন দলকে বেশি আস্থা রাখেন, এমন প্রশ্নে ৪০ শতাংশ ডেমোক্র্যাটদের এবং ৩৩ শতাংশ রিপাবলিকানদের বেছে নিয়েছেন।

নারী ভোটারদের মধ্যে ডেমোক্র্যাটদের সমর্থন তুলনামূলক বেশি। প্রায় ৫০ শতাংশ নারী ভোটার ডেমোক্র্যাটদের সমর্থন করার কথা জানিয়েছেন। বিপরীতে, রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩২ শতাংশ নারী ভোটার।

জরিপের তথ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাত ও জ্বালানির মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়িয়েছে। পেট্রোলের বাড়তি দাম মার্কিন পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় সামলানো কঠিন করে তুলছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের যেকোনো একটি কক্ষের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের জন্য নিজের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে। তবে জাতীয় জরিপের ফলাফল দিয়ে কংগ্রেসের চূড়ান্ত নিয়ন্ত্রণ নিশ্চিতভাবে অনুমান করা যায় না।

অনলাইনে পরিচালিত এ জরিপে মোট ১ হাজার ৬৭৯ জন মার্কিন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে ১ হাজার ২৭৯ জন ছিলেন নিবন্ধিত ভোটার। জরিপে সব উত্তরদাতার ক্ষেত্রে ত্রুটির সীমা ২ শতাংশীয় পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশীয় পয়েন্ট।