‘তেরঙা যাত্রার’ আগেই দিল্লির বাসা থেকে আটক ককরোচ নেতা দীপকে
দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টির ‘তেরঙা যাত্রা’ কর্মসূচিতে যাওয়ার আগেই দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক করেছে পুলিশ।
এনডিটিভি জানিয়েছে, শুক্রবার বিকালে ওই কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ দিল্লিতে দীপকের বাসায় কর্মসূচি বন্ধ করার ব্যাপারে নোটিস নিয়ে হাজির হয়। সেখান থেকেই তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।
বাসায় পুলিশ সদস্যদের সঙ্গে বিতণ্ডায় জড়ান দীপকে। নোটিস হাতে নিয়ে পুলিশের উদ্দেশে নানা প্রশ্ন করেন।
ওই ঘটনায় ছড়ানো ভিডিওর বরাতে এনডিটিভি লিখেছে, নোটিসে দীপকের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে ‘তিনি সোশ্যাল মিডিয়ায় সাধারণ জনগণকে উস্কে দিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি’।
তবে দীপকে নোটিস হাতে নিয়ে বলেছেন, “আপনারা কী ধরনের অভিযোগ তুললেন আমার বিরুদ্ধে? কী তামাশা শুরু করেছেন আপনারা? এ কেমন নোটিস? নোটিস এরকম হয়? আপনাদের মনে যা আসছে, তাই লিখে দিচ্ছেন।”
এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় আটক হলেন ককরোচ নেতা দীপকে। এর আগে যন্তর-মন্তরে কর্মসূচিতে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লিতে নামার পরই বিমানবন্দরে আটক করা হয় তাকে।
ভোটার তালিকায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সিজেপি ও অন্যান্য যুব সংগঠন। এর আগে দিল্লির যন্তর মন্তরেও তারা কর্মসূচি দিয়েছিল। শুক্রবার বিকালে দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি দেওয়া হয়।
নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) ইতোমধ্যে ‘প্রশাসনিক কারণে’ শুক্রবার ও শনিবার সেন্ট্রাল পার্ক সাধারণ মানুষের জন্য বন্ধ ঘোষণা করেছে। তবে এই কর্মসূচি শুরু হওয়ার আগেই পুলিশ দীপকের বাসায় যায়।
৩১ বছর বয়সি দীপকে মহাত্মা গান্ধীর ছবি ছাপা সাদা টিশার্ট ও নীল ডেনিম প্যান্ট পরেছিলেন।পুলিশ তার বিরুদ্ধে জনগণকে উস্কানির যে অভিযোগ তুলেছে, তার প্রতিবাদ জানিয়ে দীপকে বলেন, “আপনারা এমন একটাও ভিডিও দেখাতে পারবেন না।”