রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

সৌদিতে ‘হুতি’ হামলা: জামায়াত আমির বললেন, ‘অশুভ কাজ’

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2026, 09:19 সকাল • 4 বার পঠিত
সৌদিতে ‘হুতি’ হামলা: জামায়াত আমির বললেন, ‘অশুভ কাজ’

সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনি গোষ্ঠী হুতিদের হামলার নিন্দা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

ওমরাহ শেষে রোববার দেশে ফিরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের সামনে তিনি বলেন, এই হামলা ‘নিন্দনীয়’, এটি কোনো ‘শুভ কাজ নয়’।

দুই দিনের তুরস্ক সফর শেষে ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন শফিকুর রহমান।

তিনি বলেন, “গতকাল সকালেই সেখানে আমরা পৌঁছাই এবং রাত্রে সাড়ে টায় মদিনা এয়ারপোর্ট থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এই সময় গতকালকে রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা হয়েছে।

“এ হামলার জন্য সৌদি আরব হুতিদেরকে দায়ী করেছে। সৌদি আরব হচ্ছে হারামাইন শরীফাইনের দেশ, যেখানে আল্লাহর ঘর কাবা এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ এবং রওজা। আর কালামে হাকিমও নাযিল হয়েছে সৌদি আরবের বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাটিতে। এমন একটি দেশে যে কেউ হামলা করুক, আমরা মনে করি এটা কোনো শুভ কাজ না, নয়, এটা একটা অশুভ কাজ।”

জামায়াত আমির বলেন, “এজন্য এই ধরনের হামলার আমরা নিন্দা করি। যুদ্ধ কোনো সমাধান নয়। আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা যাই থাকুক, সেটা সমাধান হওয়া উচিত বলে আমরা মনে করি। এই হামলায় এ পর্যন্ত আমাদের জানামত ১২ জন মানুষ নিহত হয়েছেন।”

ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনে অংশ নিতে গেল ৭ অক্টোবর তুরস্কে যান শফিকুর রহমান। ওমরাহ করার জন্য শনিবার সকালে সৌদি আরবে পৌঁছান।

রোববার বিমাবন্দরে নেমেই তুরস্ক সফরের বিবরণ তুলে ধরেন শফিকুর রহমান। সেখানে এডুকেশন এক্সচেঞ্জ প্রোগ্রাম, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ডিফেন্স ইন্ডাস্ট্রির প্রসার, মক্কা প্যাক্টসহ নানা বিষয়ে আলোচনা করেন তিনি।

তার ভাষ্য, তুরস্ক সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন তিনি। বেসরকারি পর্যায়েও অনেকগুলো বৈঠক হয়েছে।

জামায়াত আমির তার সফরের উদ্দেশ্য তুলে ধরে বলেন, “বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে তুলে ধরার উদ্দেশেই এ সফর।’’