রিজার্ভ চুরির প্রতিবেদন: ১০ বছরে ১০০ বার সময় নিলো সিআইডি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ একশবারের মতো পিছিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।
তবে তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই বিচারক প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ ডিসেম্বর নতুন দিন ধার্য করেন।
এ নিয়ে প্রতিবেদন দাখিলের তারিখ ১০০ বারের মতো পেছালো বলে সিএমএম আদালতের প্রসিকিউশন সূত্রে জানা গেছে।
জানা যায়, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়।
পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলাটি করেন।
পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। সেই থেকে ১০ বছরে ১০০ বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি সিআইডি।