বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: রিমির জামিন, আয়াসের নাকচ

মোহাম্মদ খাইরুল আমিন • 18 নভেম্বর 2026, 07:57 সকাল • 15 বার পঠিত
রবীন্দ্রনাথের ছবি মোছার চেষ্টা: রিমির জামিন, আয়াসের নাকচ

ঢাকায় শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় করা অপরাধমূলক ষড়যন্ত্র, বিদ্বেষ ছড়ানো ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জামিন পেয়েছেন মারজিয়া খন্দকার রিমি।

তবে রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নুর মোহাম্মদ আয়াস ওরফে আ ন ম আয়াসের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পীর আদালতে তাদের জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট মনির হোসেন সুমন।

তিনি বলেন, “শুনানি নিয়ে নারী বিবেচনায় রিমির জামিন মঞ্জুর করে আদালত। তবে আয়াসের জামিন নামঞ্জুরের আদেশ আসে।”

গত ১১ অক্টোবর দুপুরে শিল্পকলা একাডেমির সামনে দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মুছতে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়েন আয়াসসহ একদল তরুণ। এর জেরে উভয়পক্ষের বাগ-বিতণ্ডার মধ্যে আয়াসসহ ৪জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি মোছার চেষ্টার ঘটনায় শাহবাগ থানার এসআই জিয়াউল হক ওইদিনই এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করা, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনা হয়েছে।

সেগুনবাগিচায় গত ৫ অক্টোবর ফুটপাত দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এরপর ফুটপাতের পাশের দেয়ালে রবীন্দ্রনাথ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরসহ শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

‘জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্স’ নামে একটি ফেইসবুক পেইজ থেকে সে সময় এই সাংস্কৃতিক ব্যক্তিদের ছবি আঁকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সত্যজিৎ রায় কিংবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ‘পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ব্যক্তিত্ব’ আখ্যা দিয়ে তাদের প্রতিকৃতি আঁকা নিয়ে প্রশ্ন তোলা তারা।

এর পর ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ এর আয়াসের নেতৃত্বে সেসব প্রতিকৃতি মুছতে যায় একদল লোক।