রাজধানীতে ছুরি মেরে চিকিৎসক খুন
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরির আঘাতে খুন হলেন একজন দন্ত চিকিৎসক। পুলিশ জানিয়েছে, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটেছে।
শেওড়াপাড়ার মেট্রোরেল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নিহত আহমেদ মাহী বুলবুল (৩৮) মগবাজারের রংপুর ডেন্টাল নামের একটি চেম্বারে নিয়মিত রোগী দেখতেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন।
রোববার ভোরে নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেলিন নিহত বুলবুল। তিনি তার সহকারীকে ফোন করেছিলেন। কিন্তু সহকারী তখনো পৌঁছাননি। পথে ছুরিকাহত হন বুলবুল।
পথচারীরা বুলবুলকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখান থেকে তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বুলবুলের পকেটে মোবাইল ও টাকা পয়সা ছিল। কিন্তু বুক পকেটে থাকা মোবাইলটা শুধু খোয়া গেছে। ধারণা করা হচ্ছে, ছুরি মেরে দুর্বৃত্তরা শুধু মোবাইলটা নিয়ে পালিয়ে যায়। উঁরুর নিচের অংশে ছুরিকাঘাতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাতেই ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে অনুমান। পুলিশ ঘটনার তদন্ত করছে।
গত বৃহস্পতিবার রাজধানীর শাহজাহানপুর এলাকায় এলোপাতাড়ি গুলি বর্ষণের ঘটনায় দুজন মারা যান। আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরপর রাজধানীতে এবার আরো একটি খুনের ঘটনা ঘটল।