রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা জামায়াত আমিরের
ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার শাখাকে দলীয় তহবিল থেকে ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সোমবার বিকালে পরিদর্শনে গিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা এই প্রতিশ্রুতি দেন বলে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
পরিদর্শনে শফিকুর রহমান বলেন, “প্রয়োজন হলে এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আরও সহযোগিতা করা হবে। প্রয়োজনে এই এলাকার মানুষের চিকিৎসার জন্য আরও যদি কিছু করতে হয়, তাহলে আমরা করব ইনশাআল্লাহ। আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ নয়।”
গত বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুর-১ নম্বরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার শাখায় হামলা চালিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে ফেলে একদল লোক। হামলাকারীরা ভাঙা ভবনের সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ নামে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে চলে যায়।
স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এর জন্য সরকারি দলের লোকজনকে দায়ি করেন জামায়াত আমির। তিনি বলেন, “নিশ্চয়ই সরকারি দলের আশ্রয় প্রশ্রয় ছাড়া এত বড় অপকর্ম করার সাহস কেউ করবে না। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা উচিত।”
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, “সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়েই দেশজুড়ে মব সন্ত্রাস চলছে। আর কোনো দুর্বৃত্ত যেন দেশের কোথাও কোনো অসামাজিক, অপকর্ম করতে না পারে, সে ব্যাপারে সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।”
রাড্ডায় হামলা, ভাঙচুর, লুটপাটে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহফুজুর রহমানসহ দলটির নেতাকর্মীরা।
এদিকে জামায়াত আমির শফিকুর রহমান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের মিরপুর শাখাকে যে অনুদানের ঘোষণা দিয়েছেন, সে অর্থ দলটির নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তথ্য দিয়েছেন জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।