রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি করপোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2026, 09:11 সকাল • 3 বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি করপোরেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানি বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোতো নেতৃত্বাধীন প্রতিনিধিদল।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।

তিনি বলেন, মারুবেনি করপোরেশনের পক্ষ থেকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ প্রেক্ষাপটে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি করপোরেশনকে স্বাগত জানান সরকারপ্রধান।

তারেক রহমান বলেন, মারুবেনি করপোরেশনের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের পাটজাত পণ্যের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

বিদ্যমান এ সম্পর্ককে আরও সম্প্রসারণের পাশাপাশি নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, মারুবেনি করপোরেশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা গুরুত্ব সহকারে বিবেচনা করছে। বৈঠকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের ক্রমবর্ধমান সম্ভাবনা এবং এ খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়েছে।

আলোচনায় বাংলাদেশের প্রকৌশল স্নাতকধারীদের তথ্যপ্রযুক্তি ও সাইবার নিরাপত্তায় আরও দক্ষ করে তুলতে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়।

উপ প্রেস সচিব স্বাধীন বলেন, বৈঠকে আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়টিও আলোচনায় উঠে আসে। এ খাতে মারুবেনি করপোরেশনের আগ্রহ ও বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বাংলাদেশের কৃষিপ্রধান অর্থনীতির বাস্তবতা মেনে বৈঠকে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে মারুবেনি করপোরেশনের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

উপ প্রেস সচিব স্বাধীন বলেন, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনি করপোরেশনের বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ও আলোচনায় আসে। একই সঙ্গে দেশে দ্বিতীয় একটি কাফকো স্থাপনে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

এ বিষয়ে মারুবেনি করপোরেশন আগ্রহ দেখিয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর হলে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার হবে বলে বৈঠকে আশা প্রকাশ করা হয়।

বৈঠকে অণ্যদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান।

মারুবেনি করপোরেশনের তরফে ছিলেন কোম্পানির দক্ষিণ-পশ্চিম এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরি এবং বাংলাদেশে কোম্পানির প্রধান মানাবু সুগাওয়ারা।