সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

মোহাম্মদ খাইরুল আমিন • 05 অক্টোবর 2026, 12:54 দুপুর • 6 বার পঠিত
পদ্মা ব্যাংক বন্ধ নয়, সমস্যা কাটানোর চেষ্টা চলছে: বাংলাদেশ ব্যাংক

ঋণ অনিয়মে ধুঁকতে থাকা পদ্মা ব্যাংক বন্ধের বদলে আরও সচল করতে কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা থাকার কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

সোমবার বেসরকারি এ ব্যাংক বন্ধের বিষয়ে প্রকাশিত এ খবরের বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ব্যাংকটি বন্ধ হয়ে যাচ্ছে এই ধরনের কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেয় নাই; জোরালো ভাষায় বলছি।’’

একটি দৈনিক পত্রিকায় গত রোববার ‘বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

বাংলাদেশ ব্যাংক ও পদ্মা ব্যাংকের সূত্রের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাংকটির পরিচালনা পর্ষদ বৈঠক করেছে। সেখানে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়। কিন্তু ব্যাংকটি সক্রিয় করতে কোনো সমাধানের পথ বের করা সম্ভব হয়নি। তখন পদ্মা ব্যাংকের সংকট কাটাতে অবসায়নের প্রাথমিক সিদ্ধান্ত হয়। সেটি অনুমোদনের জন্য চলতি মাসেই কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্ষদে উপস্থাপন করা হবে। অনুমোদন পাওয়া গেলে ব্যাংকিং রেজল্যুশন প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে ব্যাংক বন্ধের কার্যক্রম।

সোমবার এ বিষয়ক প্রশ্নে মুখপাত্র আরিফ হোসেন বলেন, ‘‘পদ্মা ব্যাংকটাকে কীভাবে আরো মানে, সমস্যা কাটিয়ে তুলে কীভাবে এটাকে একটা গতিশীল ব্যাংকে রূপান্তর করা যায় এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক শেয়ারহোল্ডার প্রতিষ্ঠান সরকরি ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করেছে। এ বিষয়ে তারা কাজ করছে একত্রে। তবে ব্যাংকটি বন্ধ করা বা এই অবলুপ্ত করার কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের নেই।’’

আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যস্থতায় তারল্য সহায়তার যোগান দেয় বাংলাদেশ ব্যাংক। আগের রাখা আমানতের সঙ্গে নতুন আমানত যোগান দেয় সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।

২০১৯ সালে আমানতকে বিনিয়োগে রূপান্তর করে পদ্মা ব্যাংকের শেয়ার কিনে নেয় এ চার ব্যাংক। মোট শেয়ারের প্রায় ৬৮ শতাংশ এখন এ চার ব্যাংকের। এ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা রয়েছেন পদ্মা ব্যাংকের পর্ষদে।

গত বৃহস্পতিবার পদ্মা ব্যাংকের পর্ষদের সঙ্গে গভর্নর মোস্তাকুর রহমানের বৈঠকে ব্যাংকটিকে কীভাবে আরও গতিশীল করা যায় সেই আলোচনায় নানা ধরনের প্রস্তাব ওঠে।

সেখানে অবসায়ন নিয়ে কোনো আলোচনা হয়নি দাবি করে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, ‘‘এমডিদের সাথে বসা হয়েছিল যে, ব্যাংকটাকে (পদ্মা) কীভাবে একটু গতিশীল করা যায়। এই ধরনের কথাবার্তা আসছে। এখন যদি গতিশীল করতে হয়, তাহলে কী করা যায় এই ধরনের চিন্তা ভাবনা আছে। এটা নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করতেছে।’’

তিনি বলেন, ‘‘তারল্য সংকট সমস্যাগুলো আলোচনায় আসছে। সিদ্ধান্ত হয়নি ব্যাংকটাকে অবসায়নের জন্য দিয়ে দিতে হবে।’’