পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭০৩৯ হাজি
মোহাম্মদ খাইরুল আমিন
•
21 জুলাই 2022, 10:35 দুপুর
•
226 বার পঠিত
সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে গত বুধবার পর্যন্ত দেশে ফিরেছেন ১৭ হাজার ৩৯ জন হাজি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিন এ তথ্য জানিয়েছে।
এ পর্যন্ত মোট ৪৬টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২২টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে মোট ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মারা যাওয়া হাজিদের মধ্যে পুরুষ ১৬ ও নারী সাতজন। মক্কায় ১৯, মদিনায় তিন ও জেদ্দায় একজন মারা যান।
এর আগে, ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী (ব্যবস্থাপনা সদস্যসহ)। গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই থেকে হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে।