রবিবার, ১১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

পাঁচ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত

মোহাম্মদ খাইরুল আমিন • 11 অক্টোবর 2026, 11:16 দুপুর • 2 বার পঠিত
পাঁচ মামলায় সাবেক প্রতিমন্ত্রী এনামুরের জামিন স্থগিত

সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমানকে ৫ মামলায় হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে রোববার চেম্বার বিচারপতি রেজাউল হক এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর এনামুর রহমান হাই কোর্টে জামিনের আবেদন করেন। হাই কোর্ট তাকে জামিন দিলেও রোববার চেম্বার আদালত সেই জামিন স্থগিত করেন “

রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ২০২৫ সালের ২৬ জানুয়ারি এনামুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন মিরপুর থানার একটি হত্যা মামলায় তাকে আদালতে হাজির করা হলে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

একই বছরের ১৮ ফেব্রুয়ারি সাভার থানায় করা মো. হৃদয় হত্যা মামলায় এনামুর রহমানকে চার দিনের রিমান্ডে দেওয়া হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এসবের মধ্যে পাঁচটি মামলায় হাই কোর্ট তার জামিন মঞ্জুর করেন। ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

এনামুর রহমান দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ২০১৯ সালের জানুয়ারিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের প্রার্থী ছিলেন এনামুর রহমান। তবে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলামের কাছে পরাজিত হন।