ওমিক্রন রোধে কার্যকরী নয় টিকার চতুর্থ ডোজ
ফাইজার ও মডার্নার টিকার চতুর্থ ডোজও ওমিক্রন রোধে পুরোপুরি সক্ষম নয়। অবশ্য পুরোপুরি কার্যকর না হলেও ইসরায়েলের একটি গবেষণায় ভাইরাস প্রতিরোধে টিকার চতুর্থ ডোজকে আংশিক কার্যকর বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।
করোনা প্রতিরোধে বিদ্যমান টিকাগুলোর দু’টি ডোজ নেয়ার পরে বহু দেশেই সাধারণ মানুষ টিকার বুস্টার ডোজ নিতে শুরু করেছেন। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের সরকার বুস্টার ডোজ নিতে নাগরিকদের আহ্বান জানাচ্ছে। উপমহাদেশেও বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে।
তবে ইসরায়েলের একটি গবেষণাপত্র বলছে, টিকার তৃতীয় ডোজ তো নয়ই, চতুর্থ বুস্টার ডোজও করোনা মোকাবিলায় সম্পূর্ণ সফল হবে না। ইসরায়েলের শেবা মেডিকেল সেন্টারের গবেষকরা এই গবেষণাটি করেছেন। তবে তাদের চূড়ান্ত রিপোর্ট এখনও প্রকাশিত হয়নি। প্রাথমিক রিপোর্টে তারা এই তথ্য দিয়েছেন।