নিউ মার্কেটের ঘটনায় মকবুল ৩ দিনের রিমান্ডে
নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপি নেতা মকবুল হোসেনকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। তার তিন দিনের পুলিশ রিমান্ডের আদেশ হয়েছে।
গত সোমবার থেকে শুরু নিউ মার্কেট কর্মচারী-ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয় মকবুল হোসেনকে ১ নম্বর আসামি হিসেবে তালিকায় রেখে। এর পর শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়।
তার মুক্তির দাবিতে বিক্ষোভ কর্মূসূচির ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে আজ শনিবার ঢাকার আদালত তার তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করলেন।
আজ মকবুলকে আদালতে হাজির করে সাত দিনের জন্য হেফাজতে রাখার আবেদন করেন নিউ মার্কেট থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হালদার অর্পিত ঠাকুর।
অবশ্য শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. মামুনুর রশিদ তিন দিন রিমান্ডের আদেশ দেন।
মকবুলের পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি ইকবাল হোসেন, সাহেল আকরাম সম্রাট, আবুল কালাম আজাদসহ আরও আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তারা শুনানিতে বলেন, মকবুল পেশায় আইনজীবি। তিনি নির্দোষ। ঘটনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
মকবুল নিজেও নিজেকে নির্দোষ দাবি করছেন শুরু থেকে। কিন্তু পুলিশের দাবি, নিউ মার্কেটের রক্তক্ষয়ী সংঘর্ষে মকবুলের উসকানি ছিল।
দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাও-পোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগে যে মামলা হয়েছে তার প্রধান আসামি করা হয়েছে মকবুলকে।
নিউ মার্কেটে গত সোমবার রাতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে যে দুই ফাস্ট ফুডের ঝামেলা থেকে সংঘর্ষের সূত্রপাত সেই দুই দোকানের মালিক মকবুল। তিনি সিটি করপোরেশনের কাছ থেকে বরাদ্দ নিয়ে দোকান দুটি ভাড়ায় দিয়েছেন। মকবুল নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সভাপতি।