শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মস্তিষ্কে বুলেট, শরীরে ৪৭ ছররা গুলি: জুলাইযোদ্ধা রীপার পাশে তারেক রহমান

মোহাম্মদ খাইরুল আমিন • 16 অক্টোবর 2026, 11:08 দুপুর • 3 বার পঠিত
মস্তিষ্কে বুলেট, শরীরে ৪৭ ছররা গুলি: জুলাইযোদ্ধা রীপার পাশে তারেক রহমান

চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুলাই যোদ্ধাকে নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র নজরে আসার পর তিনি তার খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

তারেক রহমানের নির্দেশের পর শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মধ্যবাড্ডায় রীপা গোমেজের বাসায় যায় ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।

তারা রীপা গোমেজের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা ও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস পৌঁছে দেন।জানা যায়, রীপা গোমেজের বর্তমান সংগ্রাম ও শারীরিক অবস্থার একটি ভিডিও চিত্র সম্প্রতি এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে।

এরপর তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে এই অদম্য জুলাই যোদ্ধার সার্বিক খোঁজখবর নিতে তাৎক্ষণিক নির্দেশ দেন।প্রতিনিধিদলে এ সময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন এবং ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।

২০২৪ সালের ২১ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহতদের স্বেচ্ছায় প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলেন পেশায় নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজ। সেবা দেওয়ার সময় হঠাৎ তিনি গুলিবিদ্ধ হন। সেদিন ৪৭টি সীসার ছররা গুলি ও দুটি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন তিনি। 

সবচেয়ে গুরুতর আঘাতটি লাগে তার ডান চোখের কোটরে। একটি বুলেট তার মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।

ভয়াবহ সেই দিনের পর থেকেই দৃষ্টিশক্তির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন রীপা গোমেজ। একদিকে নিয়মিত চিকিৎসার বিশাল ব্যয়, অন্যদিকে শারীরিক সীমাবদ্ধতার কারণে কাজের সুযোগ কমে যাওয়ায় এক কঠিন পরিস্থিতির মুখোমুখি তিনি।

নিজের চিকিৎসার খরচ জোগাতে এখনো অন্য রোগীদের সেবা করে জীবিকা নির্বাহের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই অদম্য স্বাস্থ্যকর্মী।