বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

মোহাম্মদ খাইরুল আমিন • 15 অক্টোবর 2026, 11:29 দুপুর • 8 বার পঠিত
মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, ১০ হাজার কর্মী যাবেন বিনা খরচে

দীর্ঘ আলোচনা ও কূটনৈতিক প্রচেষ্টার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। নতুন ব্যবস্থায় ৩৩৮টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়োগ করা যাবে।

পাশাপাশি ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে (জিরো কস্ট) মালয়েশিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বচ্ছ ও সুশৃঙ্খল নিয়োগব্যবস্থা নিশ্চিত করতে মালয়েশিয়ার কর্তৃপক্ষ বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), ২৫টি প্রসেসিং এজেন্সি এবং ৩১২টি রিক্রুটিং এজেন্সি।

মন্ত্রণালয় জানায়, আগ্রহী কর্মীরা তালিকাভুক্ত ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি অনুমোদিত মেডিক্যাল সেন্টার থেকে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে।

এ ক্ষেত্রে কোনো নির্দিষ্ট মেডিক্যাল সেন্টারকে এককভাবে স্বাস্থ্য পরীক্ষা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। কর্মীরা যাতে সহজে, স্বচ্ছ প্রক্রিয়ায় এবং একচেটিয়া নিয়ন্ত্রণ ছাড়াই মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পান, সে বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার।

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু এবং কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে সহযোগিতার জন্য দেশটির প্রধানমন্ত্রী, মানবসম্পদ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন এই সুযোগ সফল করতে সরকার, রিক্রুটিং এজেন্সি ও কর্মীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদি, সুশৃঙ্খল ও টেকসই শ্রমবাজার গড়ে তোলার প্রত্যাশা করছে সরকার।