কুড়িগ্রামে ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ট্রাকের চাপায় মা ও দুই ছেলে-মেয়েসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এরা সবাই ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
রৌমারী থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি।
দুই নারী ও এক পুরুষসহ তিন জনের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যু হয়েছে বলে জেনেছি।
বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর নাম রিশাদ ও তুবা।
তাদের বাবার নাম শহিদুল ইসলাম। এ ঘটনায় রিশাদ ও তুবার মা লিপি ও খালা শরিফা মারা গেছেন। তারা উপজেলার চতলাকান্দা গ্রামের বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত পাঁচজনের লাশ পেয়েছি। এর মধ্যে দুই শিশু ও দুই নারী রয়েছেন। নারী দুজন শিশুদের মা ও খালা। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অটোরিকশার চালক বলে জানা গেছে।’