বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

মোহাম্মদ খাইরুল আমিন • 25 নভেম্বর 2026, 06:20 সকাল • 17 বার পঠিত
কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, বিপর্যস্ত জনজীবন

কয়েক দিনের টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পর কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

বুধবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীত মৌসুমে এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।

কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, কৃষক, শিশু ও বৃদ্ধরা। ঠান্ডার কারণে প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।

আর যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হচ্ছেন, তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ঘন কুয়াশার কারণে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে।

এছাড়া হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর ভিড় বাড়ছে।

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কৃষক কাচুয়া মিয়া (৭০) বলেন, “শীতের কারণে জমিতে নিড়ানি করতে পারছি না। কনকনে ঠান্ডায় হাত-পা জমে যায়। তাই আজ (বুধবার) জমিতে যাইনি।”

একই ইউনিয়নের ভ্যানচালক আমজাদ হোসেন (৫৫) বলেন, “সকালবেলা ভাড়া নিয়ে শহরে আসছি খুব কষ্ট করে। হাত-পাও সিঁটে লাগি আইসে।”

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা এলাকার শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, “ঠান্ডা তো বাড়ব্যার লাগছে। হামরা গরিব মানুষ, কামোত না গেইলে খামো কী। এ্যালাও ছাওয়া-পাওয়ার জন্য কাপড় কিনব্যার পাই নাই, টাকা নাই।”

এদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের শিশু বিশেষজ্ঞ আল আমিন মাসুদ বলেন, ঋতু পরিবর্তনের এ সময়ে ঠান্ডাজনিত কারণে শিশুরা ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে।

ছেলেকে নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে আসা রবিউল ইসলাম (৩৪) বলেন, “ছাওয়াটার তিন দিন থাকি গলা ব্যথা, জ্বর আছে। হাসপাতালে চিকিৎসা নিচ্ছি, এখনো ভালো হচ্ছে না।”

এ বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বেড়েছে।

পাশাপাশি হিমালয়ের পাদদেশ থেকে আসা হিমেল বাতাসের কারণে রংপুর অঞ্চলে তুলনামূলক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে, বলেন তিনি।