কক্সবাজারের রিসোর্টে আগুনে ঢাবি শিক্ষার্থীসহ পরিবারের ৭ জনের মৃত্যু
কক্সবাজারের টুপটুপ রিসোর্টের অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তার পরিবারের সাত সদস্য নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের পরপরই নাফিজের একাধিক বন্ধু তার খোঁজ পাচ্ছেন না বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। পরে নাফিজসহ তার পরিবারের সাত সদস্য নিহত হওয়ার তথ্য জানান ডাকসুর ভিপি সাদিক কায়েম।
এক বার্তায় তিনি জানান, কক্সবাজার ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী নাফিজ তেহামীসহ তার পরিবারের সাতজন সদস্য নিহত হয়েছেন।
ডাকসু ভিপি আরও জানান, ঢাবির চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের পঞ্চম ব্যাচের নাফিজ তেহামী ও তার পরিবারের মোট ৯ জন কক্সবাজার টুপটুপ রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন।
আজ সকাল ৭টার দিকে সেই রিসোর্টে আগুন লেগে নাফিজ, নাফিজের বোনসহ পরিবারের সাত সদস্য মারা যান। তারা হলেন– মেলিতা মেহেজাবিন আলভি, লায়লা জাহান নাবিলা, মালিহা, মিলা, নাফিস তেহামী (জেরিফ), সাবরিন ও শিশু ফাইজান আহাম্মেদ।