ইসরায়েলে সরকার গঠনের দৌড়ে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট
ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের প্রচেষ্টায় একটি ডানপন্থি বিরোধীদলের সঙ্গে জোট গড়ার চুক্তির ঘোষণা দিয়েছে গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি।
মঙ্গলবার ইয়াশার পার্টি জানিয়েছে, ‘ইসরায়েল বেইতেনু’দলের নেতা আভিগদোর লিবারম্যানের সঙ্গে বৈঠকের পর তারা দলটির সঙ্গে জোট গঠনের চুক্তিতে স্বাক্ষর করতে সম্মত হয়েছে।
রয়টার্স জানিয়েছে, অক্টোবরের নির্বাচনের পর এটিই এ ধরনের প্রথম জোট।
নির্বাচনে ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে কোনো দল বা জোটই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ফলে নতুন সরকার ছাড়াই ১০ নভেম্বর ইসরায়েলের নবনির্বাচিত পার্লামেন্ট শপথ গ্রহণ করে।
২৭ অক্টোবরের নির্বাচনে ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। অন্যদিকে প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আইজেনকোটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন।
২৮ দিনের সময়সীমার আওতায় সরকার গঠনের জন্য আইজেনকোটের হাতে ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, তবে তিনি চাইলে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। আইজেনকোট ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন। আর কেউই সরকার গঠন করতে না পারলে আগামী বছর ফের নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরব দলগুলো
নির্বাচনে আইজেনকোট কোটের দল ইয়াশার ২১টি আসন জিতেছে আর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু দল জিতেছে সাতটি আসন। কিন্তু তাদের মধ্যে এ চুক্তি অপ্রত্যাশিত ছিল। কারণ লিবারম্যান আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন কিংবা নেতানিয়াহুর সঙ্গে ঐক্যমত্যের সরকার গঠনের বিরুদ্ধে বরাবরই উচ্চকণ্ঠ ছিলেন।
লিবারম্যান একসময় নেতানিয়াহুর পূর্ববর্তী সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, তবে পরবর্তীতে তিনি নেতানিয়াহুর কট্টর সমালোচকে পরিণত হন।
নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি এবং অতি-ডানপন্থি ও কট্টর-অর্থোডক্স দলগুলোর জোট নির্বাচনী প্রত্যাশার চেয়ে ভালো ফলাফল করলেও সংখ্যাগরিষ্ঠতা হারায়। ইসরায়েলের পার্লামেন্ট ক্নেসেটে বর্তমানে তাদের দখলে ৫৩টি আসন রয়েছে।
আইজেনকোটের মধ্য-ডানপন্থী ইয়াশার পার্টি এবং লিবারম্যানসহ তার জোড়াতালির জোটসঙ্গীদের হাতে রয়েছে মাত্র ৪৮টি আসন। তবে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের সম্ভাব্য মিত্র হতে পারে, যাদের হাতে ১৯টি আসন রয়েছে আর তারা নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে আইজেনকোটের সঙ্গে একমত।
সামনের পথচলা
এদিকে ইসরায়েলে ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে আইজেনকোট, তার ‘চেঞ্জ ব্লকের’ কয়েকজন সঙ্গী এবং লিকুদ পার্টির মধ্যেও আলোচনা চলছে।
পার্লামেন্টে আটটি আসন পাওয়া বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি পৃথকভাবে জানিয়েছে, সম্ভাব্য ঐক্যমত্যের সরকার নিয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে ইয়াশার পার্টির নেতার আলোচনার পর তারা আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করছে।
ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান বলেছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে এবং আরব দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার গঠনের পক্ষে।