ইরাকে করোনা রোগীদের হাসপাতালে আগুন, নিহত ২৭
ইরাকে রাজধানী বাগদাদের দক্ষিণ-পূর্বাঞ্চলে দিয়ালা ব্রিজ এলাকায় ইবনে খতিব নামে একটি করোনা রোগীদের হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরও ৪৬ জন। এছাড়া ৯০ জনকে অক্ষত অবস্থায় অন্য হাসপাতালে সরিয়ে নেয়া হয়েছে।
হাসপাতালের আইসিইউতে থাকা অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের পর শনিবার ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর বহু সংখ্যক অ্যাম্বুলেন্স হাসপাতালে গিয়েছে এবং আগুনে আহতদের চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমনকি আগুনে আহত হননি এমন রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর হাসপাতালে থাকা ১২০ জন রোগীর মধ্যে এ পর্যন্ত ৯০ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ইরাকি সিভিল ডিফেন্সের প্রধান মেজর জেনারেল খাদিম বোহান।
করোনা মহামারি শুরুর পর থেকে ইরাকে এখন পর্যন্ত ১০ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন।