ইলিশ লুটে নিচ্ছে ভারতীয় জেলেরা
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করা ভারতীয় জেলেদের বেশ পুরোনো স্বভাব। অভাবের তাড়নায় এ স্বভাবের উৎপত্তি হয়নি বলে আন্দাজ করছেন বিশেষজ্ঞ মহল। এসব জেলেরা প্রতিবছরই বাংলাদেশের লাখ লাখ টাকার মাছ লুটে করে নিয়ে যায়। নানা সীমাবদ্ধতার কারণে বাংলাদেশের জলসীমায় পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় গভীর সমুদ্রে ভারতীয় জেলেদের অবাধ বিচারণ চলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি ইলিশ মৌসুমেও বেপরোয়াভাবে ভারতীয় জেলেরা মাছ লুট করছে বলে অভিযোগ উঠেছে। তাদের কারণে দেশি জেলেদের মাছ শিকার ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন জেলেরা।
সার্বিক অবস্থার বর্ণনা দিয়ে মোংলা উপজেলা মৎস্য সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, ‘ভারতীয় জেলেরা প্রতিনিয়ত আমাদের মাছ লুট করে নিয়ে যাচ্ছে। প্রজনন মৌসুমে বাংলাদেশে যখন মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়, ভারতে তখন এ নিষেধাজ্ঞা থাকে না। ফলে সহজেই ওরা এসে মাছ ধরে নিয়ে যায়। একই সময় মাছ ধরতে না পেরে আমাদের জেলেরা অর্ধাহারে অনাহারে থাকে।’