হাসপাতালে `নিবিড় পর্যবেক্ষণে` আছেন খালেদা জিয়া
রাজধানীর একটি হাসপাতালে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন আছেন মেডিকেল বোর্ডের 'নিবিড় পর্যবেক্ষণে'। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।
আজ সোমবার জাহিদ হোসেন দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, ''ম্যাডাম কেবিনেই চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা সবসময় সব কিছু মনিটর করছেন।''
গত ১০ আগস্ট বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গুলশানের বাসভবনে থাকা অবস্থায় তার অসুস্থতা বেড়ে যায়। মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রোববার রাত ১০টার দিকে হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন।
প্রসঙ্গত, গেল জুন মাসেও খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি হয়ে ৫ দিন চিকিৎসা নিতে হয়েছিল।