বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

এবার পল্লবীতে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, কাঁদুনে গ্যাস

মোহাম্মদ খাইরুল আমিন • 18 নভেম্বর 2026, 08:00 সকাল • 16 বার পঠিত
এবার পল্লবীতে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, কাঁদুনে গ্যাস

রাজধাীর মিরপুর-১২ নম্বর এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া চলছে।

বুধাবর বেলা ১২টা থেকে এই ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়, যা এখনো চলছে।

মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ কমিশনার জাহিদ হাসান বলেন, শ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন।

তিনি বলেন, “আমরা বারবার সতর্কতা দিছি আপনারা দেখছেন যে আমরা অ্যানাউন্স করে দিছি যে আসলে রাস্তা ব্লক করা যাবে না, যানমালের ক্ষতিসাধন করা যাবে না। তারা আমাদের কথা শোনে নাই। তারা আমাদের দিকে ইট মারছে আপনারা এটা দেখছেন এবং আপনাদের ভিডিও আছে আপনাদের কাছে।

“সো আমরা আত্মরক্ষার্থে কিছু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করছি এটাই আমাদের কাজ। এবং আমরা অ্যানাউন্স করে দিছি যে আসলে কোনোভাবেই অরাজকতা তৈরি করা যাবে না। এই দেশটা সবার।

কত সংখ্যক শ্রমিক রাস্তায় নেমেছিলেন জানতে চাইলে তিনি বলেন, “চারশ-পাঁচশো হইতে পারে, ম্যাক্সিমাম আরকি, বা দুইশো-থেকে তিনশও হইতে পারে।”

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা দ্বীন ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা ১২ টার দিক থেকে ১২ নাম্বার এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পালটা ধাওয়া শুরু হয়। ১২ নাম্বার বাসস্ট্যান্ড মোড় থেকে এটার শুরু। এক পর্যায়ে মুল সড়ক থেকে ধাওয়া দিয়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ৷”

দ্বীন ইসলামের ভাষ্য, ওই সময় ‘অন্তত ১০টি কাঁদুনে গ্যাস ছুড়েছে পুলিশ’। এরপর শ্রমিকরা সড়কের দুপাশে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।

তিনি বলেন, "ঘটনাস্থলে বিজিবিও মোতায়েন রয়েছে।”

বুধবার সকালে রাজধানীর কাফরুল এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে মিরপুর-১৪ নম্বর এলাকার এম/১৬ ঠিকানায় অবস্থিত লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশন কারখানার এলাকায় এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, কারখানা দুটিতে প্রায় পাঁচ হাজার ১০০ শ্রমিক কাজ করেন। এসব কারখানার শ্রমিকরা পাশের জকি গার্মেন্টস, ভিশন গার্মেন্টস ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদের উৎপাদন কার্যক্রমে বাধা দেন। পরে তাদের কারখানা থেকে বের করে নিয়ে আসেন।

এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগ ওঠে। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

সার্বিক পরিস্থিতি নিয়ে উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, “বেশ কিছু শ্রমিক রাস্তায় নেমেছিলেন। তাদের ধাওয়া দিলে বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।”

এক পর্যায়ে সেখান থেকেও তাদের সরিয়ে দেওয়া হয় বলেও পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন।