বুধবার, ২১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার আশা নয়: প্রধানমন্ত্রী

মোহাম্মদ খাইরুল আমিন • 21 অক্টোবর 2026, 08:04 সকাল • 7 বার পঠিত
দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার আশা নয়: প্রধানমন্ত্রী

দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং যার সঙ্গে জনসম্পৃক্ততা রয়েছে, তিনিই নির্বাচিত হবেন।

তাই শুধু দলীয় মনোনয়ন পাওয়ার ভিত্তিতে নির্বাচিত হওয়ার আশা না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের রেডিসন ব্লুতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত বিএনপির একাধিক নেতা বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।বিএনপির অভ্যন্তরীণ সাংগঠনিক সভা হওয়ায় অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের উপস্থিতি ছিল না।

সভায় কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানতে বাংলানিউজের পক্ষ থেকে একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির জ্যেষ্ঠ সদস্য এস এম মামুন মিয়া বাংলানিউজকে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।

এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচনে যে ধরনের কারচুপি হয়েছে, ভবিষ্যতে সে ধরনের কোনো নির্বাচন হবে না বলে বৈঠকে জানান প্রধানমন্ত্রী।মাদক নির্মূলে দলীয় নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। নেতাকর্মীরা নিজ নিজ এলাকায় সক্রিয় ভূমিকা রাখলে মাদকের বিস্তার অর্ধেক কমানো সম্ভব বলে মন্তব্য করেন তিনি। বাকি অর্ধেক নির্মূলে প্রশাসন কাজ করবে বলেও জানান প্রধানমন্ত্রী। শুধু প্রশাসনের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় উল্লেখ করে এ ক্ষেত্রে সামাজিক ও রাজনৈতিক উদ্যোগের ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।

সভায় উপস্থিত অপর এক নেতা জানান, প্রধানমন্ত্রী বলেছেন, পতিত ফ্যাসিস্ট ও যারা ‘জান্নাতের টিকিট’ বিক্রি করে, তারা অতীতেও বিভিন্ন কারণে এক হয়েছিল। তারা আবারও এক হওয়ার পরিকল্পনা করছে। জনগণকে সঙ্গে নিয়ে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি।