ডাক বিভাগের মহাপরিচালককে চাকরি থেকে বরখাস্ত
করোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করায় ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে চাকরি থেকে বরখাস্তের জন্য সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে এ ঘটনা তদন্তের জন্য আবেদন জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকেট, ডাটা কার্ড উন্মোচনের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে যান সুধাংশু শেখর ভদ্র। বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী ১২ আগস্ট আইইডিসিআরে করোনা পরীক্ষার জন্য এসএস ভদ্রের নমুনা সংগ্রহ করেছে এবং ১৩ আগস্ট সন্ধ্যায় উক্ত রিপোর্ট তাকে প্রদান করা হয়। যে রিপোর্ট অনুযায়ী তার করোনা পজিটিভ ছিল। কিন্তু উক্ত রিপোর্টের তথ্য গোপন করে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন, যা শুধু বেআইনি নয়, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা এবং স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি বহন করে।
নোটিশে বলা হয়েছে, সংক্রামক রোগ আইন ২০১৮ এর ২৬ ধারা অনুযায়ী ডাক বিভাগের মহাপরিচালকের এই কর্মকাণ্ড একটি অপরাধ। উক্ত আইন অনুযায়ী তিনি তার তথ্য গোপন করেছেন যাহা শাস্তিযোগ্য অপরাধ। কেন এবং কোন উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গেলেন সেই বিষয়টি পরিষ্কার হওয়া জাতীয় স্বার্থেই প্রয়োজন। একই সাথে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা কতটা কার্যকরী সেটাও নিয়ে ও প্রশ্ন উঠেছে। এ কারণেই বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন।