শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ

মোহাম্মদ খাইরুল আমিন 01 জুন 2022, 12:40 দুপুর 485 বার পঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের এক নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশ। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেছেন। আজ বুধবার ভোর চারটার দিকে এই অবরোধ শুরু হয়। 

এই অবরোধের কারণে ক্যাম্পাস অনেকটা অচল হয়ে গেছে। বিভিন্ন ক্লাস ও পরীক্ষা স্থগিত করতে হয়েছে। অবরোধের কারণে শিক্ষক ও কর্মচারীদের বাস চলাচল বন্ধ রয়েছে। 

ছাত্রলীগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে শাখা ছাত্রলীগের ভিএক্স গ্রুপের নেতা প্রদীপ চক্রবর্তী মোটরসাইকেলে করে ক্যাম্পাসে আসছিলেন। তিনি মদন ফকির মাজার গেট এলাকায় পৌঁছালে সেখানে স্থানীয় কয়েকজনের হামলার মুখে পড়েন। তাকে মারধর করা হয়। মোটরসাইকেল ভাঙচুর হয়। 

এই ঘটনার পর ভিএক্স গ্রুপের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। সড়ক অবরোধ করে। 

প্রদীপ চক্রবর্তীর অভিযোগ, স্থানীয় ব্যবসায়ী মো. হানিফ ও তার দলবল তার ওপর হামলা করেছিল। 

হানিফ ফতেপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। ওই সময় তিনি ঘুমাচ্ছিলেন বলে জানিযেছেন। 

ষোলশহর স্টেশন সূত্রে জানা যায়, ছাত্রলীগের কিছু নেতা-কর্মী বটতলী স্টেশনে শাটল ট্রেন অবরোধ করেন। এই কারণে শাটল ট্রেন বন্ধ রয়েছে। এই ট্রেনে করে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার যাত্রী ক্যাম্পাসে আসা যাওয়া করেন। শিক্ষার্থীরা তাই পড়েছেন ভোগান্তিতে।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।