বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

বনানীতে বাসচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

মোহাম্মদ খাইরুল আমিন • 22 সেপ্টেম্বর 2026, 12:46 দুপুর • 19 বার পঠিত
বনানীতে বাসচাপায় প্রাণ গেল বাইক আরোহীর

ঢাকার বনানীতে বাসচাপায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।

আনুমানিক ৪৫ বছর বয়সি হাসান ইমাম সোহেল নামের ওই ব্যক্তি সহকর্মীর বাইকে করে মোহাম্মদপুর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় যাচ্ছিলেন।

মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে চেয়ারম্যানবাড়ি ও সৈনিক ক্লাবের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন বনানী থানার এসআই জুয়েল বিশ্বাস।

তিনি বলেন, “বাইকে করে দুইজন মোহাম্মদপুর থেকে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। বনানীতে লাবিব পরিবহনের একটি বাস পেছন থেকে তাদের বাইকে ধাক্কা দিলে বাইকার ছিটকে সামনের দিকে পড়েন, আর আরোহী সোহেল ওই গাড়িরই নিচে পড়ে যান।”

এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

বাইকারের বিষয়ে এসআই জুয়েল বলেন, “বাইকার সামান্য আহত হয়েছেন, তাকে চিকিৎসার জন্য কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে।”

এদিকে ঘটনার পর স্থানীয়দের সহায়তায় বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

নিহত সোহেলের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে, তিনি ঢাকাতেই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।